সচিন-বিরাটের ব্যাটের ওজন কমানো অসুস্থ আশরফ ভাইয়ের পাশে দিলদরিয়া সুদ
সচিন-বিরাটের ব্যাটের ওজন কমানো অসুস্থ আশরফ ভাইয়ের পাশে দিলদরিয়া সুদ
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে তাপ্পি দেওয়া কারিগর গুরুতর অসুস্থ, এই খবর আগেই ভাইরাল হয়েছিল। অর্থের অভাবে আশরফ ভাইয়ের কিডনিতে অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না, তাও জেনেছিল দেশ। তবু সাহায্যের হাত সেভাবে বাড়িয়ে দেয়নি কেউই। ব্যতিক্রম একমাত্র দিলদরিয়া সোনু সুদ। জনপ্রিয় অভিনেতা আশরফ চোধুরীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

হাসপাতালের বেড়ে শুয়ে রয়েছেন দরিদ্র-বৃদ্ধ আশরফ, সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিই রি-পোস্ট করে মুম্বইয়ের ওই ব্যাট নির্মাতার জন্য অভিনেতা তথা সমাজসেবী সোনু সুদের সাহায্য চেয়ে বসেন এক নেটিজেন। টুইটারে তাঁকে জবাব দিয়েছেন সোনু। আশরফ ভাইয়ের বাড়ির ঠিকানা জানতে চেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা। তাতে আরও একবার মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। ঠিক যেভাবে করোনা ভাইরাসের জেরে লকডাউনে মুম্বইতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন সুদ, একই ভাবে আশরফ চৌধুরীর পাশে দাঁড়িয়ে ফের তিনি নিজের মাহাত্ম্য প্রমাণ করলেন।
पता ढूँढो इस भाई का। https://t.co/QiwEoy5vjK
— sonu sood (@SonuSood) August 22, 2020
কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট একাধিকবার ঘষেমেজে ঠিক করে দিয়েছেন তিনি। তাঁর হাতই গ্রিপ বদল হওয়া ব্যাট দিয়ে আইপিএলে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ফাফ ডু প্লেসিস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। এহেন আশরফ ভাই শারীরিক ও আর্থিক ভাবে বিপর্যস্ত। অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।
মুম্বইয়ের মেট্রো সিনেমার বিপরীতে দোকান আশরফ চৌধুরী। আইপিএলে বিভিন্ন দেশ এবং দলের ব্যাটসম্যানদের সাফল্যের পিছনে যে ব্যক্তির হাত রয়েছে, তাঁকে চেনে না, মুম্বইতে এমন কোনও ব্যক্তি নেই। ১৯২০ সাল থেকে আশরফ ভাইয়ের পৈতৃক দোকান। ব্যাট তৈরির পাশাপাশি ক্রিকেটারদের পুরনো ব্যাট সারিয়ে দেওয়া, ওজন কমানো এবং গ্রিপ পরিবর্তন করতে তিনি সিদ্ধহস্ত। সেই তিনি কিডনি পাথর জমার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাভাবে তাঁর চিকিৎসা সেভাবে করতে পারছে না আশরফ ভাইয়ের পরিবার। করোনা ভাইরাসের জেরে লকডাউনে তাঁদের ব্যবসা কার্যত লাটে উঠেছে।
আশরফ চৌধুরীরকে ১৫ বছর ধরে চেনেন তথা শুভাকাঙ্খি প্রশান্ত জেঠমালানি ব্যাটের কারিগরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন। এখনও পর্যন্ত তিনি দুই লক্ষ টাকা সংগ্রহ করতে পেরেছেন। কিন্তু আশরফ ভাইয়ের চিকিৎসা এবং ভবিষ্যত সুনিশ্চিত করতে আরও অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন জেঠমালানি।












Click it and Unblock the Notifications