বালাসাহেবকে সম্মান জানাতে গিয়ে শিবসেনা কর্মীদের স্লোগানে বিদ্ধ ফড়নবিশ
বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে সম্মান জানাতে শিবাজিপার্কে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেখান থেকে বেরিয়ে আসার সময় শিবসেনা কর্মীদের স্লোগানে বিদ্ধ হলেন ফড়নবিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন শিবাজি পার্ক থেকে বেরিয়ে আসছেন সেই সময় তাঁর উদ্দেশ্যে শিবসেনা কর্মীরা মারাঠিতে স্লেগান দিয়ে বলতে থাকেন, "সরকার কার? শিবসেনার।"

আজ থেকে সাত বছর আগে এই দিনে প্রয়াত হয়েছিলেন বালা সাহেব ঠাকরে। সেই উপলক্ষে শিবাজি পার্কে গিয়ে বালাসাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করেন দেবেন্দ্র ফড়নবিশ। জোট ভেঙে গিয়েছে। ৩০ বছরের শরিকি সম্পর্কে ছেদের জেরে সংসদে বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা। এমন পরিস্থিতিতেও সেনা প্রতিষ্ঠাতাকে সম্মান জানাতে পৌঁছে যান দেবেন্দ্র।
#WATCH Maharashtra: Slogan of "Sarkar kunauchi? Shiv Sena chi" (Whose government? Shiv Sena's) raised by Shiv Sena workers, when BJP leader Devendra Fadnavis was leaving after paying tributes to Balasaheb Thackeray on his death anniversary today, in Mumbai. pic.twitter.com/AbsA5Gm1f5
— ANI (@ANI) November 17, 2019
দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শিবাজি পার্কে বালাসাহেবকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন পঙ্কজা মুন্ডেও। প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রথমবার মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল সেনা-বিজেপি জোট। সেই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন পঙ্কজার বাবা গোপিনাথ মুন্ডে। বিজেপি নেতারা ছাড়াও কংগ্রেস ও এনসিপির পক্ষ থেকে অনেক নেতারাই এদিন শিবাজি পার্কে গিয়েছিলেন প্রয়াত নেতাকে সম্মানজ্ঞাপন করতে।
শিবসেনা প্রতিষ্ঠাতা তথা বর্তমানে সেনা প্রধান উদ্ধাব ঠাকরের বাবা বালাসাহেবের একটি ভিডিও এদিন টুইটারে পোস্ট করেন দেবেন্দ্র ফড়নবিশ। এর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেওয়ার সময় দেবেন্দ্র ফড়বিশ শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে তাদের মিথ্যাবাদী আখ্যা দিয়েছিলেন। পাশাপাশি নির্বাচনের ফল প্রকাশের পরই সেনার এরকম মনোভাব বদলে তিনি আশ্চর্যচকিত হয়েছেন বলেও উল্লেখ করেছিলেন।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনার ঝুলিতে এসেছে ৫৬টি আসন। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১৪৫টি আসন। দুই দলের সম্মিলিত সংখ্যা খুব সহজেই ম্যাজিক ফিগার অতিক্রম করে। কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে বাধ সাধে সেনার মুখ্যমন্ত্রিত্বের দাবি। এরপরই এনডিএ জোট থেকে বেরিয়ে এসে সেনা এনসিপি ও কংগ্রেসের স্মরণাপন্ন হয়। রাজ্যসভাতেও বিরোধী আসনে বসবে বলে জানিয়ে দিয়েছে সেনা।












Click it and Unblock the Notifications