মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কি আদিত্য ঠাকরে! জোট আর আদিত্যকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন উদ্ধব
মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট ক্ষমতায় আসলে কি আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন উঠেছিল কয়েকদিন ধরে। শিবসৈনিকদের অনেকেই মনে করছিলেন আদিত্য ঠাকরেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট ক্ষমতায় আসলে কি আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন উঠেছিল কয়েকদিন ধরে। শিবসৈনিকদের অনেকেই মনে করছিলেন আদিত্য ঠাকরেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে উদ্ধব ঠাকরে এতদিন কিছু না বলায় বিজেপি ও শিবসেনার মধ্যে কার্যত উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও উদ্ধব ঠাকরে এদিন পরিষ্কার করে দিয়েছেন, রাজ্যের জোট নিয়ে। পাশাপাশি আদিত্যর মুখ্যমন্ত্রীত্ব নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এই জোট হয়েছে মতাদর্শগত। যা হিন্দুত্বের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।

মহারাষ্ট্রের জন্য আপস
তবে উদ্ধব ঠাকরে স্বীকার করে নিয়েছেন, এই জোটের জন্য শিবসেনা নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। তবে তাদের এই আপস মহারাষ্ট্রের জন্যই বলে জানিয়েছে শিবসেনা। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করছে ১২৪ টি আসনে। এনডিএ-র ছোট দুই শরিক লড়াই করছে ১৪ টি আসন। আর বিজেপি লড়াই করছে ১৫০ টি আসনে।
উদ্ধব টাকরে বলেছেন, তারা কম সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মুখ্যমন্ত্রী ফড়নবিশ এবং চন্দ্রকান্ত পাতিলের অনুরোধে।

শিবসেনার মুখ্যমন্ত্রী নিয়ে প্রতিক্রিয়া
উদ্ধব ঠাকরে জানিয়েছেন, কম সংখ্যর আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, ক্ষমতা ও দায়িত্ব সমানভাবে বন্টিত হবে জোটের দুই বড় শরিকের মধ্যে। শিবসেনার দাবি তারা জোট গড়তে পরিপক্কতা দেখিয়েছে। লোকসভা নির্বাচনে জোট গঠনের সময়ও ক্ষমতা ও দায়িত্ব নিয়ে একই কথা বলেছিল তারা। জনতাকে আশ্বস্ত করতে শিবসেনা বলেছে, ২৪ অক্টোবর সরকার গড়ার সময়ই বিষয়টি সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে। বিজেপি তাদের কথা রাখবে বলে মনে করেছেন উদ্ধব ঠাকরে। তবে তাঁর বাবা বাল ঠাকরের কথাও এদিন তিনি স্মরণ করেছেন। বলেছেন, একদিন শিবসেনা কর্মীই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন।

আদিত্য কি মুখ্যমন্ত্রী?
মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী নিয়ে প্রতিক্রিয়া জানালেও, সেই প্রতিশ্রুতি রাখতে গিয়ে নিজের ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে তাড়াতাড়ি কিছু করতে রাজি নন উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, আদিত্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে এই নয় যে তাকে মুখ্যমন্ত্রী কিংবা উপ মুখ্যমন্ত্রী করতে হবে। তাঁকে কিছু অভিজ্ঞতাও অর্জন করতে হবে বলে মনে করেন উদ্ধব।
শিবসেনার মুখ্যপত্র সামনায় এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।












Click it and Unblock the Notifications