করোনা রুখতে হাতিয়ার ১৪৪ ধারা, এবার বিজেপি শাসিত এই রাজ্য জুড়ে জারি হয়ে চলেছে কড়া আইন
করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন কিংবা ১৪৪ ধারা (section 144) জারি করেছে। আবার কোনও কোনও রাজ্যে তা করা হয়েছে আংশিক। এবার হরিয়ানা (haryana) সরকার রাজ্য জুড়েই ১৪৪ ধার
করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন কিংবা ১৪৪ ধারা (section 144) জারি করেছে। আবার কোনও কোনও রাজ্যে তা করা হয়েছে আংশিক। এবার হরিয়ানা (haryana) সরকার রাজ্য জুড়েই ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এমনটাই জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

বেশ কয়েকটি জেলায় আগেই জারি ১৪৪ ধারা
১৪৪ ধারা জারি করা হলে একসঙ্গে চার কিংবা বেশি মানুষ থাকতে পারবেন না। তবে এর আগে হরিয়ানার গুরগাঁও, ফরিদাবাদ, হিসার, পাঁচকুলা এবং সোনিপতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। রাতের কার্ফুও বলবত করা হয়েছে। কোথাও কোথাও দোকান খোলা রাখার সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতির পর্যালোচনায় স্বাস্থ্যমন্ত্রী
হরিয়ানার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী। অক্সিজেন বেড, সঞ্চিত অক্সিজেনের পরিমাণ, ভেন্টিলেটর-সহ অন্য বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করেন। ডেপুটি কমিশনারদের নিয়ে করা ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, রাজ্যের সব করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে হবে। তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অন্তেষ্টি যাতে সেই দিনই করা যায়, তার জন্য ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি। জেলা পর্যায়ে কোভিড মনিটরিং কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।

খালি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রী একইসঙ্গে ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছেন, যাতে তারা নিজের নিজের এলাকায় থাকা শিল্প সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে নেন। পাশাপাশি মাইক্রো কন্টাইনমেন্ট জোনে কোভিড প্রোটোকল মেনে চলার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ভেন্টিলেটর বেডের সংখ্যা ৯৪ থেকে বাড়িয়ে ১৪১ করা হয়েছে।

হরিয়ানার করোনা পরিস্থিতি
বর্তমান মাসে হরিয়ানায় করোনার সংক্রমণ হয়েছে দ্রুত গতিতে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় হরিয়ানায় ১১,৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। এরমধ্যে ৭১৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হরিয়ানায় সব থেকে খারাপ অবস্থা গুরুগ্রামের। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৩৬৮৪ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।












Click it and Unblock the Notifications