SCO Summit Goa: জয়শঙ্কর-জারদারি হাত মেলালেন? এদিন কী ঘটল এসসিও সম্মেলনে
এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। গোয়ায় দুদিনের এই সম্মেলনে ভারত সহ মোট ৮টি দেশের বিদেশমন্ত্রীরা অংশ নিয়েছেন। সম্মেলনের আয়োজক ভারতের তরফে বৃহস্পতিবার নৈশভোজের আসরে নাকি হাত মিলিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে গোটাটাই সূত্রের খবর।

প্রায় এক যুগ পরে পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারত সফরে এলেন। এর আগে ২০১১ সালে তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ভারতে এসে তৎকালীন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হিনা এই মুহূর্তে পাকিস্তানের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। ২০১৬ সালে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা সরতাজ আজিজ ভারত সফরে এসেছিলেন।
এই এসসিও সম্মেলন চলছে গোয়ার বেনোলিমে। সেখানে চিনের বিদেশমন্ত্রী শিন গান, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়র সাইদভ, এসসিও সচিব চাং মিং উপস্থিত রয়েছেন। এছাড়াও কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিদেশমন্ত্রীরা উপস্থিত হয়েছেন।
এদিন ভারতের বিদেশমন্ত্রী চিন, রাশিয়া ও উজবেকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারেন। রাশিয়ার সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক, এসসিও, জি২০ ও ব্রিকস নিয়ে আলোচনা হয়। চিনের সঙ্গে বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি স্থাপন নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।
ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক বারবার সন্ত্রাসবাদের কারণে খারাপ হয়েছে। পাকিস্তান থেকে বারবার ভারতে হামলা চালানো হয়েছে। ফলে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না সীমান্তপার সন্ত্রাস বন্ধ হবে, ততদিন সুস্থ ও সুষ্ঠু আলোচনা কোনও বিষয়েই হওয়া সম্ভব নয়। প্রথমে পাকিস্তানকে সন্ত্রাসবাদ বন্ধে উদ্যোগ নিতে হবে।
এই প্রেক্ষিতে এসসিও সম্মেলনে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফরে এলেও কোনও বিষয়ে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে ওই হাত মেলানো পর্যন্তই সৌজন্য থেমে থাকবে এসসিও সম্মেলনে। আপাতত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications