গেহলটের শেষ বাজেটে চরম অস্বস্তি, ভুল করে পড়ে ফেললেন গতবছরের বাজেটের উদ্ধৃতি
৮ মিনিট ধরে বিধানসভায় দাঁড়িয়ে পুরনো বাজেট পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট
বাজেট অধিবেশনে তুলকালাম রাজস্থানে। বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট ছিল শুক্রবার। অশোক গেহলট বাজেট পড়া শুরু করতেই হইহট্টগোল শুরু করেন বিরোধীরা। আসলে প্রথম ৮ মিনিট পুরনো বাজেট পড়ে চলেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পুরনো প্রকল্পগুলির কথাই ঘোষণা করে চলেছিলেন তিনি। প্রথমে বুঝতে না পরলেও পরে বুঝতে পেরে ভাষণ থামিয়ে দেন তিনি।

ভুল বাজেট পড়লেন গেহলট
রাজস্থানে বিধানসভায় আজ ছিল বাজেট পেশের দিন। নির্ধারিত সময়েই শুরু হয় বাজেট অধিবেশন। বাজেট পড়তে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী অশোক গেহলট। কিন্তু ৮ মিনিট বাজেট পড়ার পরেই শোরগোল শুরু করে দেয় বিরোধীরা। তাঁদের হইহট্টগোল শুরু হতেই বুঝতে পারেন মুখ্যমন্ত্রী বাজেটেই কোথাও গলদ রয়েছে। কারণ গতবারের প্রকল্পগুলিই তিনি পড়ছিলেন। প্রথমে সন্দেহ হলেও থামেননি। পরে বুঝতে পেরে বাজেট পড়া থামিয়ে দেন মুখ্যমন্ত্রী।

হট্টোগোল বিরোধীদের
পুরনো বাজেট পড়ছেন মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট শোনার পরেই হট্টোগোল শুরু করে দেন বিরোধীরা। বিজেপি বিধায়করা অভিযোগ করতে থাকেন পুরনো বাজেটের একই প্রকল্প নতুন মোড়কে পেশ করছেন মুখ্যমন্ত্রী। গহলট সরকারে শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ার কারণে একটু বেশিই তৎপর ছিলেন বিরোধীরা। কিন্তু শেষ পর্যন্ত ধাক্কা খেতে হল গেহলটকেই। এমনিতেই এখন চাপে রয়েছেন গেহলট। দলের মধ্যেই চরম অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে গেহলটকে নিয়ে। তার মধ্যে ভুল বাজেট পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজেই অর্থমন্ত্রী গেহলট
এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজস্থানের অর্থমন্ত্রীও গেহলট। গতকাল তিনি নিজে বাজেটের যাবতীয় কাগজ খতিয়ে দেখেছিলেন। এবারে রাজস্থান কংগ্রেসের বাজেটে বলা হয়েছিল, বাচত-রাহত-বড়ত অর্থাৎ সঞ্চয়-ছাড়-উন্নয়ন এই তিন মন্ত্রকে মাথায় রেখে আম আদমির জন্য বাজেট তৈরি করা হয়েছে। কিন্তু সেটা পেশ করার আগেই বিপত্তি। যদিও সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে নতুন করে বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ততক্ষণে শোরগোল শুরু হয়ে গিয়েছে বিধানসভায়। সিপি যোশি আস্বস্ত করেন সকলকে এবং বিরোধীদের চুপ করে বসে বাজেট শুনতে বলেন।

চাপে গেহলট
গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজস্থান কংগ্রেস। সামনের বছর ভোট। তার আগেই দলের মধ্যেই বিবাদে জড়িয়েছেন তিনি। সচিন পাইলটকে প্রকাশ্যে গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। হাইকমান্ডও অশোক গহলটের প্রতি খুব একটা সন্তুষ্ট নয়। সামনেই রাজস্থানে বিধানসভা ভোট। সেই ভোটে কংগ্রেস যদি জেতে এবার তাহলে অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী পদে নাও রাখতে পারে হাইকমান্ড। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications