দুর্যোগের বর্ষণ মহারাষ্ট্র জুড়ে! বৃষ্টির তোড়ে ভূমিধসে মৃত ৩৫, বহু জনের চাপা পড়ার আশঙ্কা
দুর্যোগের বর্ষণ মহারাষ্ট্র জুড়ে! বৃষ্টির তোড়ে ধসে মৃত ৩৫, বহু জনের চাপা পড়ার আশঙ্কা
গোটা মহারাষ্ট্র জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। দুর্যোগের বর্ষণে মুম্বই জুড়ে শুক্রবার সকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের একাধিক জায়গায় বৃষ্টির জেরে নেমেছে ধস। এপর্যন্ত বৃষ্টির জেরে ভূমি ধসে মৃত্যু হয়েছে সেখানের ৩৫ জনের ।

বানভাসি ৪৭ টি গ্রাম
মহারাষ্ট্রের কোলহাপুরে ইতিমধ্যেই ৪৭ টি গ্রাম ভেসে গিয়েছে। এদিকে আরবসাগরের তীরবর্তী মহারাষ্ট্রের রায়গড় জেলায় মাহাদ তেহসিলে ভূমিধসের খবর পাওয়া যায়। এই গ্রামের সঙ্গে বাকি এলাকার সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। জানা গিয়েছে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। এপর্যন্ত ভূমি ধসে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

উদ্ধব ঠাকরে কী জানিয়েছেন?
এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের থেকে ঘটনার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব ঠাকরে জানান, রায়গড়ের তলাই গ্রামে ভূমিধসের কারণে ৩৫ জনের মৃত্যুর খবর আসে। উদ্ধব জানান, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে আরও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ফলে এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে সরকার।

উদ্ধারে এনডিআরএফ
এদিকে প্রবল ভূমিধসের কারণে রায়গড়ে এনডিআরএফের বাহিনী নামানো হয়েছে। তবে প্রবল বন্যার জেরে উদ্ধার কাজে যেতে সমস্যা হচ্ছে বাহিনীর। ফলে উদ্ধার কাজে বেশ দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। । রায়গড়ের প্রায় ৪ জায়গায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি গ্রাম। রায়গড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর নিধি চৌধুরী জানিয়েছেন, ধসে আটকে পড়েছিলেন বহু জন। অনেকেই ধসে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও বর্ষণ আসন্ন !
এদিকে, মহারাষ্ট্র জুড়ে প্রবল বর্ষণের খবর রয়েছে। আইএমডি জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিন সেখানে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন মহারাষ্ট্রের প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। যার জেরে ভূমি ধসের সম্ভাবনা আরও বাড়ছে। এদিকে, মুম্বই শহরেও লাগাতার বৃষ্টি চলছে। ফলে প্রবল বর্ষণে ক্রমেই বিপর্যয়ের পরিস্থিতি গোটা মহারাষ্ট্র জুড়ে।












Click it and Unblock the Notifications