কিষাণগঞ্জ থেকে রাহুল গান্ধীর ভালোবাসার বার্তা, নাম নিলেন না নীতীশ কুমারের
২৪ ঘন্টা আগেও নীতীশ কুমার ছিলেন রাহুল গান্ধীর জোটসঙ্গী। কিন্তু এখন সেই সম্পর্ক অতীত। ইন্ডিয়া জোটে নীতীশ কুমার আর নেই। বরং তিনি বিজেপির সঙ্গে জোট বেঁধে নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন।
নতুন জোটসঙ্গীর সঙ্গে সরকার গড়েছেন নীতীশ কুমার। ঠিক পরদিনই বিহারে ঢুকেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহারের কিষাণগঞ্জে প্রবেশ করে। সেখানে একটি জনসভাও করেন রাহুল গান্ধী। তবে কোনও বিদ্বেষমূলক বক্তব্য নয়। বরং মঞ্চ থেকে ভালোবাসার ডাক দিলেন।

কেন এবার তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করলেন? সেই বার্তাও দিয়েছেন রাহুল গান্ধী। মানুষের দাবি ছিল, এই অঞ্চলের উপর দিয়ে রাহুল গান্ধীর মিছিল যাবে। সেই আবেগকে মান্যতা দিতেই রাহুল গান্ধী এই যাত্রা করছেন। প্রত্যেকটি রাজ্যতেই মানুষের ভালোবাসা পাচ্ছেন তিনি। অসম, মণিপুর, বাংলাতে মানুষের আশীর্বাদ পেয়েছেন কংগ্রেস নেতা। এমনই দাবি করেছেন রাহুল।
কিষাণগঞ্জে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছায়। বেশ কিছুটা রাস্তা মিছিল করেন রাহুল। এরপর জনসভা ছিল। নীতীশ কুমার বিজেপির হাত ধরেছেন। তবে কোনও আক্রমণাত্মক বক্তব্য রাহুল গান্ধী রাখেননি। নীতীশের নাম পর্যন্ত রাহুল এদিন নেননি। রাহুল গান্ধীর মুখে ছিল ভালোবাসার কথা। তিনি মানুষের কাছে ভালোবাসার বার্তা পেয়েছেনও। এই যাত্রা ঘিরে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে।
রাহুলের মুখে উঠে আসে মণিপুর প্রসঙ্গ। দীর্ঘ সময় মণিপুরে রক্তপাত হয়েছে। বিরোধী শিবির রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও মণিপুরে যেতে পারলেন না। সেই কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ এই ভারত জোড়ো ন্যায় যাত্রাতে শামিল হয়েছেন। কিষাণগঞ্জের মিছিলে তিনি নীতীশ কুমারকে আক্রমণ করেছেন।
সাংসদ রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে গতকালই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নলবাড়ি হাটে রাত্রিযাপন করেন। সেখান থেকে এদিন তিনি সকাল আটটায় যাত্রা শুরু করেন। রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে ইসলামপুর শহরে প্রবেশ করেন। সেখান থেকে তিনি বিহারের কিষাণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা ঘিরে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে উন্মাদনা ছিল প্রচুর। ন্যায় যাত্রা দেখতে রাস্তার দু'ধারে সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মীদের সমর্থকদের ভিড় উপচে পড়ে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসন তৎপর ছিল। এদিন কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি।












Click it and Unblock the Notifications