'বাবা মুসলিম, মা খ্রিস্টান, তাহলে রাহুল ব্রাহ্মণ হন কীভাবে' ফের বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে অশালীন আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে।
কয়েকদিন আগেই বলেছিলেন, হিন্দু মেয়েদের দিকে হাত বাড়ালে হাত কেটে নেবেন। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়। এবার আরও এক পা এগিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে অশালীন আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে।

রাহুলকে আক্রমণ করে হেগড়ে বলেছেন, রাহুল এই দেশ চেনেন না। তাঁর নিজের ধর্ম সম্পর্কেও জানেন না। কীভাবে মিথ্যা বলে শুনুন। বাবা মুসলমান, মা খ্রিস্টান এবং ছেলে নাকি ব্রাহ্মণ। এটা কীভাবে সম্ভব? এই ধরনের সংকর প্রজাতি একমাত্র কংগ্রেসের ল্যাবরেটরিতে তৈরি হয়। যেখানে বাবা ও পুত্র দুজন আলাদা জাতের।
কর্ণাটকের কারওয়ারে হিন্দু জাগরণ বেদিকের এই অনুষ্ঠানে হাজির হয়ে হেগড়ে নিজের জ্ঞানভাণ্ডার উজাড় করে জানান, ইতিহাস বিকৃত করা হয়েছে। বলা হয় তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তাঁর বেগম মুমতাজের জন্য বানিয়েছেন। আসলে সেখানে তেজো মহালয় নামে একটি শিবমন্দির ছিল।
গত রবিবার হেগড়ে জানিয়েছিলেন, হিন্দু মেয়েদের ছোঁয়ার চেষ্টা করা হাত কেটে নেওয়া হবে। যা নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা জোর সমালোচনায় সরব হন। রাহুলকে আক্রমণের পর তাঁরা কী বলেন, সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications