'আমি ক্ষমাপ্রার্থী', নারী সংরক্ষণ বিল পাশ না করাতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদী
পার্লামেন্টে নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন শনিবার দেশের 'মা ও মেয়েদের' কাছে ক্ষমা চেয়েছেন। একদিন আগে, শুক্রবার, সংবিধানের ১৩১তম সংশোধনী বিল লোকসভায় ব্যর্থ হয়; এর লক্ষ্য ছিল নারীর জন্য আসন বাড়িয়ে সংরক্ষণ দ্রুত কার্যকর করা। মোদী এই পরাজয়কে 'তুচ্ছ রাজনীতির' কারণে নারীর অধিকারের 'ভ্রূণহত্যা' আখ্যা দিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী জোর দেন, কংগ্রেস, টিএমসি এবং ডিএমকে-এর মতো বিরোধী দলগুলি লোকসভায় বিলটি ব্যর্থ হওয়ার পর উল্লাস করে টেবল চাপড়েছে। এটি ছিল তাদের 'তুচ্ছ রাজনীতির' একটি উদাহরণ, যা নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

মোদী বলেন, "বিলটি পাশ করাতে ব্যর্থ হওয়ায় আমি দেশের সকল নারীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কংগ্রেস, ডিএমকে, টিএমসি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলির স্বার্থপর রাজনীতির কারণে দেশের নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।" আগামী সপ্তাহে টিএমসি ও ডিএমকে শাসিত পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নির্বাচন।
সংবিধানের ১৩১তম সংশোধনী বিলের পরাজয় ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বড় আইনি ধাক্কা। আবেগ এবং আক্রমণাত্মক সুর মিশিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের সতর্ক করে বলেন, একজন নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন, কিন্তু তার অপমান কখনই ভোলেন না।
প্রধানমন্ত্রী আরও বলেন, "সংসদে যা ঘটেছে, তা কেবল টেবল চাপড়ানো নয়, বরং নারীর মর্যাদা ও আত্মসম্মানের উপর একটি আক্রমণ। কংগ্রেস ও তার বন্ধুদের আচরণ সারা দেশের নারীদের মনে গেঁথে থাকবে।"












Click it and Unblock the Notifications