বিজেপি সরকারের ওপরে আস্থা হারিয়েছে মানুষ! অমিত শাহকে সাফ কথা মনিপুরের দলীয় বিধায়কদের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্য নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানালেন মনিপুরের ১০ বিধায়ক। এই বিধায়কদের মধ্যে ছিলেন বিজেপির সাত, কুকি পিপলস অ্যালায়েম্সের দুই এবং একজন নির্দল বিধায়ক।
চিন-কুকি-মিডো-জোমি-হামার সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই বিধায়করা সাধারণ মানুষের বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের ওপরে বিশ্বাস হারিয়েছেন বলেও মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে ৩ মে হিংসার কারণে তাদের সম্প্রদায়ের লোকেরা যে আর উপত্যকায় যাওয়ার কথা ভাবতে পারছেন না, সেব্যাপারেও ইঙ্গিত করেছেন।

দশ মনিপুরী বিধায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মনিপুরের বর্তমান অবস্থার কথা তুলে ধরার পাশাপাশি উল্লিখিত সম্প্রদায়ের জন্য আলাদা প্রশাসনের দাবিও তুলেছেন। উপত্যকায় তাঁদের সম্প্রদায়ের জীবন ও সম্পত্তি আর নিরাপদ নয় বলে জানিয়েছেন তাঁরা।
বিধায়করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনপাতার স্মারকলিপি দেন। সেখানেই উল্লিখিত সম্প্রদায়গুলির নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন বিধায়করা। মেইতেই সম্প্রদায়ের সঙ্গে বিভেদ ও পারস্পরিক শ্রদ্ধার অভাবের কথা উল্লেখ করে বিধায়করা তাঁদের সম্প্রদায় অধ্যুষিত এলাকায় স্বশাসনের দাবি করেছেন।
প্রসঙ্গত মেইতেই সম্প্রদায়ের তফশিলি উপজাতি হওয়ার দাবির বিরোধিতা করে ১০ টি পার্বত্য জেলায় সংহতি সমাবেশের পরে ৩ মে থেকে হিংসা শুরু হয়। এই সময় কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যে দেখা যায়নি। সেই ব্যাপারটিও ভাবিয়েছে উল্লিখিত সম্প্রদায়গুলিকে। ৩ মে থেকে হওয়া প্রতিবাদ বিক্ষোভের অগ্রভাগে ছিল কুকি ও নাগা উপজাতিরা।

মনিপুরে হিংসা শুরু হওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিংসায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মনিপুর সরকারকে বলেছিলেন। পাশাপাশি রাজ্যে শান্তির জন্য কেন্দ্রের সমর্থনের কথাও জানিয়েছিলেন। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ আলোচনার ওপরেও জোর দিয়েছিলেন।
এদিকে মনিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের প্রতিনিধি এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন একাধিকবার। এর পাশাপাশি শান্তি পুনরুদ্ধার করতে যেসব পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, তারও মূল্যায়ন করেছেন।












Click it and Unblock the Notifications