ডাক্তার সহ ৬ পরিযায়ী 'খুনে'র পিছনে TRF? কড়া নজর স্বরাষ্ট্রমন্ত্রকের, জঙ্গিদের খোঁজে চলছে সার্চ অপারেশন
Jammu And Kashmir Terror Attack: নির্বাচন মিটতেই ভয়াবহ জঙ্গি হামলা কাশ্মীরে। পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। মৃতের সংখ্যা বেড়ে ৭। জম্মু-কাশ্মীরের সোনমার্গ-গান্ডেরবাল টানেল প্রকল্পের কাছে ভয়াবহ এই ঘটনা ঘটে। আর এই ঘটনার পরেই উপত্যকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে সেনাবাহিনীর বিশেষ সার্চ অপারেশন।
জানা যাচ্ছে, ঘটনায় এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে ইতিমধ্যে। বাকিদের খোঁজেই চলছে বিশেষ এই অভিযান। সেনাবাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশকেও সতর্ক করা হয়েছে। তবে পাকিস্তানের লস্কর-ই-তৈবার একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front (TRF) জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার ভয়ঙ্কর এই হামলার (Jammu And Kashmir Terror Attack) দায় স্বীকার করেছে।

জানা যাচ্ছে, এই হামলার পিছনে মাস্টারমাইন্ড টিআরএফ প্রধান শেখ সাজ্জাদ গুল (Sheikh Sajjad Gul)। স্থানীয় মডিউলকে কাজে লাগিয়ে টানেলে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস ভাবে হামলা করানো হয়েছে বলেও জানা যাচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী, রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front (TRF) জম্মু-কাশ্মীরের একাধিক নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত। বিশেষ করে কাশ্মীরি পন্ডিত, শিখ এমনকি স্থানীয় মানুষ নয়, এমন পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে একের পর এক হামলা সঙ্গে যুক্ত এই জঙ্গি সংগঠন। প্রকাশিত খবর অনুযায়ী, প্রকল্প এলাকা দীর্ঘ একমাস ধরে এই জঙ্গি সংগঠন রেইকি চালিয়েছিল। আর এরপরেই এই হামলা। দুই থেকে তিনজন এই হামলা চালায় বলেই সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে এই ঘটনার দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখছেন, ''গঙ্গানীরের জঙ্গি হামলা কাপুরুষদের কাজ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কোনওভাবেই ছাড় পাবে না। সেনাবাহিনী কড়া জবাব দেবে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের সুস্থতা কামনা করি''। কড়া বার্তা দিয়েছেন জম্মু-কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
এক্স হ্যান্ডেলে পোস্টে ওমর লেখেন, "শ্রমিকদের উপর জঙ্গি হামলার ঘটনা দুর্ভাগ্যজনক ও একইসঙ্গে বর্বরোচিত। সুড়ঙ্গের কাজে জড়িত নিরীহ শ্রমিকদের উপর হামলা চালানো হল। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'' তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। উপত্যকা জুড়ে আতঙ্কের পরিস্থিতি নতুন করে। যদিও সর্বত্র নিরাপত্তা আঁটসাঁট করার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications