করোনা যুদ্ধে জয়ের পথে ভারত, চলতি সপ্তাহে ছাড়পত্র পাবে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন!
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া শেষ। এবারে শুধুই আনুষ্ঠানিক ছাড়পত্রের অপেক্ষা। করোনা টিকা নিয়ে এমনই খবর মিলেছে সূত্র মারফত। জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন পেতে চলেছে সিরামের কোভিশিল্ড। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে মিলে এই টিকা তৈরি করেছে পুণের সংস্থা। এদিকে প্রস্তুতি হিসাবে এদিন থেকে মোট চার রাজ্যে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনের 'ড্রাই রান।'

এই সপ্তাহেই ভারতে ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন
সূত্রের খবর, হয়ত এই সপ্তাহেই ভারতে ছাড়পত্র পেতে পারে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিন। শেষ পর্যায়ে ফের সব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই সপ্তাহেই বৈঠকে বসবে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই খবর। এদিকে করোনা ভ্যাকসিন বাজারে চলে আসতে চললেও, এখনও মানুষের মনে এই ভ্যাকসিন সম্পর্কে ধারণা স্পষ্ট নয়। মনে ঘুরছে প্রচুর গুজব।

তাড়াহুড়োয় তৈরি হয়েছে ভ্যাকসিন?
অনেকেরই ধারণা, তাড়াহুড়োয় তৈরি হয়েছে ভ্যাকসিন। তাই এটি সুরক্ষিত নয়। তবে সত্যিটা হল, এটা ঠিক যে কোরোনার ভ্যাকসিন দ্রুতগতিতে তৈরি হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে এটা সুরক্ষা ও পরীক্ষার নিয়মকে অবহেলা করা হচ্ছে। বরং সমস্ত নিয়ম মেনে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে তৈরি হচ্ছে ভ্যাকসিন। এর ফলে ভ্যাকসিন যে সুরক্ষিত সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে।

ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড-১৯ সংক্রমণ হতে পারে?
অনেকেই মনে করছেন, ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড-১৯ সংক্রমণ হতে পারে। আসলে সংক্রমণ রুখতে অন্য ভ্যাকসিনের মতো কোভিড-১৯ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। সেই ভাবেই তা তৈরি করা হচ্ছে যাতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়। তবে ভ্যাকসিন নেওয়ার শরীর কিছুটা সময় নেবে এই ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করতে।

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক?
ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হবে কি। এনিয়েও চিন্তিত অনেকেই। বিজ্ঞানীদের দাবি, মাথা ধরা, পেশিতে ব্যথা, ক্লান্তি ও জ্বরের মতো সমস্যা হতে পারে। যা দুই একদিনে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তবে বড় কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলেই গবেষকদের মত। যদিও ব্রিটেনে কোরোনার ভ্যাকসিনের ট্রায়াল চলাকালীন টিকা নেওয়া কয়েকজনের শীরের অ্যালার্জির লক্ষণ দেখা গিয়েছিল।

ভ্যাকসিন সচেতনতা
অনেকেরই ধারণা, আমার কোভিড হয়েছিল, তার মানে আমার ভ্যাকসিনের প্রয়োজন নেই। কোভিড হওয়ার কারণে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, তা ভ্যাকসিনের থেকে ভালো। তবে সত্যিটা হল, অধিকাংশ সংক্রমণে ভ্যাকসিনের তুলনায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাই ভালো। কিন্তু কোভিডের বিষয়টি ব্যতিক্রমী। তবে এটা সত্যি কি না, তা জানার জন্য আরও গবেষণা করতে হবে। কারণ, কোভিড হলেই সারাজীবন সেই রোগের হাত থেকে একেবারে বাঁচা যাবে, এমন তথ্য এখনও সামনে আসেনি। এই সব ভুল ধারণাকে দূরে সরিয়ে সত্যি তথ্যটা মানুষের সামনে তুলে ধরা এখন কেন্দ্রের কাছে এক বড় চ্যালেঞ্জ। কারণ বাজারে করোনা ভ্যাকসিন চলে এলেও তা প্রয়োগ করার বিষয়টি তখনই সফল হবে, যখন সবাই সচেতন হবে।












Click it and Unblock the Notifications