করোনা রুখতে দেশের প্রথম রাজ্য হিসাবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ওড়িশার
কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা কি বাড়ানো হবে? নাকি ১৪ এপ্রিলের পর দেশ থেকে তুলে নেওয়া হবে লকডাউন। এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। এরই মধ্যে দেশে করোনা সংক্রমণের হার লাগাম ছাড়াচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। অনেকেই প্রশ্ন তুলেছে যে, লকডাউন থাকাকালীনই যদি এত লোক করোনা আক্রান্ত হন তবে লকডাউন উঠে গেলে কী অবস্থা হবে দেশের? এর জেরে একাংশের মত, বাড়ানো হোক লকডাউন।

বুধবার সর্বদল বৈঠকে যা বলেন প্রধানমন্ত্রী
এই পরিস্থিতিতে বুধবার সর্বদল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের নেতাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় মন্তব্য করলেন। তিনি জানিয়ে দিলেন বর্তমান পরিস্থিতিতে দেশের উপর থেকে লকডাউন তুলে নেওয়া প্রায় সম্ভব নয়। আর এর ফলে প্রায় স্পষ্ট হয়ে গেল যে দেশের লকডাউন পরিস্থিতি ১৪ এপ্রিল শেষ হচ্ছে না। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'দেশের জনগণের মধ্যে ব্যবহারিক ও সামাজিক অনেক বদল আনতে হবে এই সময়ে।'

করোনা লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?
তবে অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে যে ১১ এপ্রিলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি লকডাউন চলাকালীন দ্বিতীয় এরম বৈঠক হবে। আর মনে করা হচ্ছে যে সম্ভবক এই বৈঠকেই লকডাউন বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে।

প্রথম রাজ্য হিসাবে লকডাউন বাড়াচ্ছে ওড়িশা
অবশ্য সেই বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত নিয় ওড়িশা। দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় জারি থাকবে লকডাউন। তবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যাতে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল শুরু করা না হয়।

লকডাউন বাড়ানোর পক্ষে আরও একাধিক রাজ্য
এদিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ডাক দিয়েছে তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং অসমের মতো রাজ্যগুলি। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তো জুন মাস পর্যন্ত লকডাউন জারি রাখার আবেদন জানিয়েছেন কেন্দ্রকে। এদিকে নয়ডা সহ উত্তরপ্রদেশের মোট ১৫টি জেলা সম্পূর্ণ ভাবে সিল করা হয়েছে। মুম্বইতে মেয়াদ বাড়ানো হয়েছে লকডাউনের।












Click it and Unblock the Notifications