New Delhi Station Stampede: পদপিষ্টকাণ্ডে রেলের ব্যর্থতা, একযোগে তোপ বিরোধীদের; 'শকুনের রাজনীতি', পাল্টা BJP
New Delhi Station Stampede: নিউ দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু। ঘটনায় স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে একযোগে সরব হয়েছে কংগ্রেস, আপ ও আরজেডি।
প্রয়াগরাজগামী পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন বলে অভিযোগ বিরোধীদের। একইসঙ্গে মহাকুম্ভ মেলাকে ঘিরে পরিবহন-সহ সার্বিক স্তরে চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন তারা। যদিও পাল্টা নিশানা করেছে বিজেপিও। বিরোধীদের রাজনৈতিক শকুন বলে তোপ বিজেপির। এমন দুঃখের সময়ে বিরোধীরা কেবল রাজনৈতিক বক্তব্য রাখছেন বলে কটাক্ষ বিজেপির।

কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স পোস্টে লেখেন, নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের হয়ে হতাহতের ঘটনায় রেলের ব্যর্থতা আবারও প্রমাণিত হল। একইসঙ্গে কেন্দ্রের উদাসীনতাও স্পষ্ট। প্রয়াগরাজগামী পুণ্যার্থীদের সংখ্যা মাথায় রেখে সুবন্দোবস্ত করা উচিত ছিল। সরকারের অবহেলার কারণে আর কারও যাতে প্রাণ না যায় তা নিশ্চিত করা প্রয়োজন।
পদপিষ্টের ঘটনায় মৃতদেহের সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার কারচুপি করছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এক্স পোস্টে খাড়গে লেখেন, নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টকাণ্ডের ভিডিও হৃদয়বিদারক। নরেন্দ্র মোদীর সরকার সত্য লুকোতে চাইছে, এটা সত্যিই লজ্জার ও নিন্দাজনক। হতাহতের আসল সংখ্যা প্রকাশের দাবি তুলেছেন কংগ্রেস সভাপতি। একই দাবি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
ইউপিএ জমানার প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবও রেলের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এত মৃত্যুর দায় নিতে হবে বলেও মন্তব্য আরজেডি প্রধানের। কুম্ভের নাম করে অপদার্থতা চলছে বলেও অভিযোগ করেন তিনি। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনাও কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করে একের পর এক কটাক্ষ করেন।
এদিকে বিরোধীদের পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা অজয় আলোক। তিনি বলেন, "শকুনের রাজনীতি করতে নেমেছে বিরোধী। এটাই ওদের অভ্যাস। দায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" বিরোধীদের কেউ হাসপাতালে আহতদের দেখতে পর্যন্ত যাননি বলে অভিযোগ বিজেপি নেতার। উল্লেখ্য, পদপিষ্টকাণ্ডে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং।












Click it and Unblock the Notifications