মোদীকেও শুনতে হবে 'দাদা ও দাদা', তৃণমূলের স্লোগানযুদ্ধ শুরু সংসদেও
মোদীকেও শুনতে হবে 'দাদা ও দাদা', তৃণমূলের স্লোগানযুদ্ধ শুরু সংসদেও
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল। লোকসভার বাদল অধিবেশন থেকেই মোদীর বিরুদ্ধে স্লোগানযুদ্ধ শুরু করে দিতে চায় তারা। সূত্রের খবর, মোদী অধিবেশনে ঢুকলেই তাঁকে শোনানো হবে 'দাদা ও দাদা' স্লোগান। সমস্ত তৃণমূল সাংসদ একযোগে সরব হবেন একই সুরে৷

একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে 'দিদি ও দিদি' স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে বিতর্কও কম হয়নি। তৃণমূল নেতারা বলেছিলেন যে সুরে প্রধানমন্ত্রী 'দিদি ও দিদি' স্লোগানটি তুলেছিলেন তা অত্যন্ত নিম্নরুচির৷ তবে সেসব অতীত, হাজারো বাধা পেরিয়ে নবান্নের মসনদে এখন মমতা৷ এখন সংসদে মোদীকে তাঁরই অস্ত্রে ঘায়েল করতে চান তিনি৷
জানা গিয়েছে, আগামী ২৫ জুলাই পাঁচদিনের দিল্লি সফরে যাচ্ছেন মমতা। একাধিক কর্মসূচি রয়েছে সেখানে। বর্তমানে দেশের প্রধান মোদীবিরোধী মুখ তিনিই। তাই কাজেই, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে বৈঠক তারই ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ভোটে জয়ের পর থেকেই স্লোগানের ক্ষেত্রে বেপরোয়া তৃণমূল। এর আগে পূর্ব মেদিনীপুরের সাংসদ শিশির অধিকারীর ছবি নিয়ে 'বাবাকে বলো' পোস্টারও পড়েছিল এলাকাজুড়ে। মূলত শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেই এই উপায় বের করেছিল তৃণমূল। এবার নিশানায় স্বয়ং মোদী।












Click it and Unblock the Notifications