জানুয়ারির তৃতীয় সপ্তাহে ফের বাংলায় মোদী, উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া জনসভার প্রস্তুতি বিজেপির
নতুন বছরের শুরুতেই ফের বাংলামুখী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে পরপর দু'টি জনসভা করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি। যদিও এখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত সফরসূচি এসে পৌঁছয়নি, তবু দলীয় সূত্রের দাবি দুই বঙ্গের সংগঠনে ইতিমধ্যেই প্রস্তুতির বার্তা পৌঁছে গিয়েছে।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ১৭ ও ১৮ জানুয়ারি এই দু'দিনকে লক্ষ্য করে পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের মালদহে জনসভা ও ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে, হাওড়া বা হুগলি জেলায় দ্বিতীয় সভা হতে পারে। দক্ষিণবঙ্গের সভাস্থল নিয়ে এখনও দলীয় স্তরে আলোচনা চলছে। হুগলির সিঙ্গুরে সভা হলে তার রাজনৈতিক তাৎপর্য আলাদা হবে বলেই মনে করছে রাজ্য বিজেপির একাংশ। সিঙ্গুর আন্দোলনকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই তাদের রাজনৈতিক উত্থানের প্রতীক হিসেবে তুলে ধরে।

অন্যদিকে বিজেপি ও বাম শিবিরের অভিযোগ, সিঙ্গুর থেকেই বাংলার শিল্পায়নের সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছিল। তাই শিল্প ও বিনিয়োগ ফেরানোর বার্তা সিঙ্গুরের মাটি থেকে দিলে তা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ হবে এমন মত দলের একাংশের।
তবে হাওড়া জেলা বিজেপির নেতৃত্ব চাইছেন, প্রধানমন্ত্রীর জনসভা তাঁদের জেলাতেই হোক। তাঁদের যুক্তি, এক সময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হাওড়া ধীরে ধীরে শিল্পহীন হয়ে পড়েছে। শিল্প পুনরুজ্জীবনের বার্তা দিতে হাওড়ার মতো শহরও সমানভাবে প্রাসঙ্গিক।
উত্তরবঙ্গে মালদহের জনসভা ঠিক কোন মাঠে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা মাঠ পরিদর্শনের পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, মঙ্গলবার হাওড়া ও হুগলির সম্ভাব্য সভাস্থলগুলি ঘুরে দেখতে পারেন বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর একটি জনসভা নির্ধারিত ছিল। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিলেও ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামা সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত তিনি বিমানবন্দর থেকেই অডিয়ো ব্রিজের মাধ্যমে ভাষণ দেন ও সেখানেই আশ্বাস দেন, খুব শীঘ্রই আবার বাংলায় আসবেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, সেই প্রতিশ্রুতির এক মাসের মধ্যেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications