এবার থেকে সারাবছরই যাওয়া যাবে অমরনাথে, তীর্থযাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ টানেল
অমরনাথ যাত্রা। কঠিন হলেও পূণ্যার্থীরা অপেক্ষা করে থাকেন। কিন্তু অগস্ট মাস ছাড়া অমরনাথ যাত্রা করা যায় না। সেসময় সেখানে যাওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়। অন্যসময়ে সেখানে যেতে পারেন না পুন্যার্থীরা। তার কারণ দুর্গম রাস্তা। বরফে ঢেকে থাকে গোটা রাস্তা। এবার তাই পুন্যার্থীদের কথা ভেবে নতুন পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।

সারাবছর যাতে অমরনাথ যাত্রা করতে পারেন পুন্যার্থীরা তার জন্য বিশেষ প্রযুক্তিতে রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছে। ২২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় থাকবে একটি টানেলও। ২২ কিলোমিটার সড়ক পথে ১১ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করা হবে। যেটি লাদাখ এবং জম্মু মধ্যে বিকল্প রাস্তা হিসেবেও ব্যবহার করা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে তার জন্য টেন্ডার ডাকাও শুরু হয়ে যাবে। কেন্দ্র এবং বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ সড়ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে সড়ক উন্নয়ন মন্ত্রক। সড়ক কীভাবে এবং কোন রুটে তৈরি করা হবে তার জন্য ১০ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বিশেষ সংস্থাকে। পুরো রাস্তা এবং টানেল তৈরি হতে ৫ বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।
কাশ্মীরের অনন্তনাগ জেলায় অমরনাথ পাহাড়ে রয়েছে অমরনাথ তীর্থ। ১৩০০০ ফুট উচ্চতায় তৈরি হয় সেই শিব তীর্থ। পেহেলগাঁও থেকে যার দূরত্ব ৪০ থেকে ৪৫ কিলোমিটার। আর বালতাল থেকে দূরত্ব ১৫ কিলোমিটার। বালতালের পথ কম হলেও বেশি দুর্গম। অন্যদিকে পেহেলগাঁওয়ের পথ অনেকটাই সুগম। বালতাল রুটে যাত্রা শুরু করলে এক দিনের মধ্যেই পৌঁছে যাওয়া যায় অমরনাথে। আর পেহেলগাঁওয়ের পথে গেলে ৪ দিন সময় লাগে।
২০২২ সালেই অমরনাথে হড়পাবাণে একাধিক পূন্যার্থীর মৃত্যু হয়েছে। কাজেই জোশী মঠের ঘটনার পর ফের পাহাড় কেটে অমরনাথে টানেল তৈরি করা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে। ফের প্রকৃতি রুষ্ট হয়ে যাবে না তো এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।












Click it and Unblock the Notifications