করোনা ঠেকাতে চাই কেন্দ্র-রাজ্য সমন্বয়! রাজনাথের নেতৃত্বে বিশেষ বৈঠক দিল্লিতে
ক্রমাগত দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই সংক্রমণ ঠেকাতেই দেশের সর্বত্র লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আরও ভাল সমন্বয় গড়তে আলোচনার জন্য শনিবার নিজের বাসভবনে একটি জরুরি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কে কে ছিলেন বৈঠকে?
জানা গিয়েছে রাজনাথের নেতৃত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ আরও বেশ কয়েকজন। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে?
জানা গেছে, শনিবারের বৈঠকে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ'ল দেশ জুড়ে প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান করা। প্রতিটি মন্ত্রীকে এই অবস্থায় একটি করে রাজ্যের দায়িত্বে রাখা হয়েছে। বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাঁরা।

মোদীর কাছে পাঠানো হবে সুপারিশ
শুক্রবারই সরকার জানিয়েছে, দেশ ব্যাপী লকডাউনের ফলে অনেকটাই কার্যকরী ফল মিলছে, তাই লকডাউন মেনে চলার জন্য দেশের জনগণকে ফের আহ্বান জানানো হয়। এদিকে এই বৈঠকের সুপারিশ ও নীতিমালা সংক্রান্ত পরামর্শগুলোর ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জমা দেওয়া হয়।

নতুন করে ৯৯১ জনের দেহে করোনার সংক্রমণ
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জনের দেহে করোনার সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে দেশ জুড়ে। ফলে আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১৪৩৭৮-এ। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিন সকাল ৮ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ আক্রান্তই মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থানের।

কোন হারে দেশে করোনা ছড়াচ্ছে?
ভারতের ১৯ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণ হওয়ার সংখ্যা সাধারণ গড়ের থেকে এখনও কম আছে। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ও মৃতের সংখ্যার অনুপাত সারা দেশে ৮০:২০। অন্য অনেক দেশের থেকে এই অনুপাত ভাল জায়গায় রয়েছে। তবে আরও সচেতন না হলে এই সব পরিসংখ্যান বদলাতে বেশি সময় লাগবে না বলে মত বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications