ভরসন্ধ্যেবেলার ভিড় লোকাল ট্রেনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ
মুম্বই, ৩০ ডিসেম্বর : মুম্বইয়ের লোকাল ট্রেনে চেপে যাতায়াত করেন এমন মানুষের সংখ্যা বহু। কিন্তু সোমবারের ট্রেনের নিত্যযাত্রীদের কাছে ছিল একটু আলাদা দিন। ট্রেনে উঠে তো অনেকে প্রথমটায় ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন, কেউ আবার চোখ কপালে তুলে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। লোকাল ট্রেনে উঠে আপনি যদি দেখেন আপনার মুখ্যমন্ত্রীও সেই একই ট্রেনে এরজন সাধারণ মানুষের মতোই চেপেছেন তাহলে আপনারও কী একই অবস্থা হবে না?

আজ্ঞে হ্যাঁ, সোমবার সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে দক্ষিণ মুম্বইয়ের কোলবা থেকে একটি অনুষ্ঠান সেরে ফেরার সময় কল্যাণী ফাস্ট লোকাল ট্রেনে চাপলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ। ট্রেনে কথাও বললেন সাধারণ মানুষের সঙ্গে। লোকাল ট্রেনের ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। যাত্রীাদের অভিযোগও শুনলেন মন দিয়ে।
সামনে মুখ্যমন্ত্রীকে পেয়ে কেউ কেউ তো এতটাই আহ্লাদিত হয়ে পড়েছিলেন যে একেবারে সোজা আত্মীয়স্বজনদের ফোন লাগিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবদার জানান একটিবার ফোনে কথা বলার। দেবেন্দ্র ফাডনবিশ অবশ্য তাঁদেরও নিরাশ করেননি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা এক আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার বিষয় এদিন ছিল রেলের নিরাপত্তা এবং ভিড়। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনেকেই বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তা মন দিয়ে শুনেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষক কাছে বিষয়গুলি পৌঁছে দেওয়ারও আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications