Maharashtra Assembly Election: বিক্ষুব্ধ বেড়ে হাফ সেঞ্চুরি! মহারাষ্ট্রে নির্দল কাঁটায় বিদ্ধ হবে শাসক-বিরোধী?
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে নির্দলরা। মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির লড়াইয়ে বিক্ষুব্ধদের (rebel candidates) নিয়ে জট। টিকিট না পেয়ে বিক্ষুব্ধদের সংখ্যা বেড়েছে একলাফে। তাদেরই একাংশ দাঁড়িয়েছেন নির্দলের (Independent Candidates) হয়ে। ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কায় শাসক ও বিরোধী শিবির।
মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির ও একনাথ শিন্ডের শিবিরে বিভক্ত হয়েছে। অন্যদিকে এনসিপিতেও আলাদা হয়েছে অজিত পাওয়ার ও শরদ পাওয়ার গোষ্ঠী। এই দ্বিধাবিভক্তির পর প্রথমবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Polls)। আর তাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কপালে চিন্তার ভাঁজ দুই মহা জোটেই।

প্রার্থী তালিকা বিশ্লেষণ করে জানা গিয়েছে, মহারাষ্ট্রে কমপক্ষে ৫০ জন এমন রয়েছেন যাদের দল টিকিট না দেওয়ায় অন্য প্রতীকে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, এই বিক্ষুব্ধদের অধিকাংশই শাসকজোট মহাজুটির। যার মধ্যে বিজেপিতেই বিক্ষুব্ধদের সংখ্যা বেশি বলে সূত্রের খবর। মোট ৩৬ জন বিক্ষুব্ধ প্রার্থী রয়েছে মহাজুটির। বাকি ১৪ জন মহা বিকাশ অঘাড়ির বিক্ষুব্ধ প্রার্থী।
জানা গিয়েছে, মহাজুটিতে (Mahayuti) বিজেপির বিক্ষুব্ধদের সংখ্যা ১৯ জন। এদের মধ্যে ১৬ জন বিজেপি ছেড়ে ইতিমধ্যেই শিন্ডের শিবসেনা বা অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন। এই ১৬ জনের মধ্যে আবার ১২ জনকে টিকিট দিয়েছে শিন্ডে সেনা। বাকি ৪ জন লড়বেন অজিত পাওয়ারের এনসিপির হয়ে।
বিজেপি ছাড়াও মহাজুটিতে একনাথ শিন্ডের শিবসেনায় বিক্ষুব্ধদের সংখ্যা ১৬ জন। অজিত পাওয়ারের এনসিপিতে বিক্ষুব্ধ রয়েছেন ১ জন। এদিকে মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) ১৪ জন বিক্ষুব্ধদের মধ্যে ১০ জনই কংগ্রেসের। বাকি চারজন উদ্ধব ঠাকরের শিবসেনার। সূত্রের খবর, জোটের তরফে দাঁড়ানো প্রার্থীদের পাশাপাশি একই আসনে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ নির্দলরা।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। ২৮৬টি আসনে প্রার্থী দিয়েছে মহা বিকাশ অঘাড়ি। ১০৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিব সেনা ৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ও ৮৭টি আসনে প্রার্থী দিয়েছে শরদ পাওয়ারের এনসিপি। অন্যদিকে, ২৮৪টি আসনে প্রার্থী দিয়েছে মহাজুটি। মহাজুটিতে ১৪৮ আসনে বিজেপি, ৮০টিতে শিন্ডে সেনা ও ৫৩টিতে অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications