গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় বিজেপিকে জড়ানো ভিত্তিহীন, বললেন নিতিন গড়কড়ি
সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় বিজেপির নাম জড়ানোর তীব্র প্রতিবাদ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।
কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় বিজেপির নাম জড়ানোর তীব্র প্রতিবাদ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। এই ঘটনার পরে অনেক মহল থেকে বিজেপি ও তাদের আদর্শগত মিত্র অনেক দল বা সংগঠনের বিরুদ্ধে অনেকে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সংবাদমাধ্যম থেকে শুরু করে স্যোশাল মিডিয়ায় ঝড় উঠেছে।

এরই বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও। সেই প্রসঙ্গেই নিতিন গড়কড়ি বলেছেন, এর সঙ্গে বিজেপিকে জড়ানো দুর্ভাগ্যজনক। গৌরীর খুনের সঙ্গে বিজেপি বা এই ধরনের কোনও সংগঠনের যোগাযোগ নেই বলেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজ মন্ত্রী দাবি করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অনেকে আক্রমণ করার বিরুদ্ধে নিতিন বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন। সবসময় বিদেশ থেকে সব ঘটনার প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় না। তা জেনেও এভাবে অভিযোগ জানানো হতাশাজনক, ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যা।
গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডকে অবশ্য সমালোচনাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে যেভাবে বিজেপিকে টানা হচ্ছে, তার বিরুদ্ধেই মূলত তিনি প্রতিবাদ জানান। বিজেপির ভালো কাজকে সহ্য করতে না পেরে প্রতিহিংসায় অনেকে মিথ্যা অভিযোগ আনছেন বলে দাবি করেছেন নিতিন।












Click it and Unblock the Notifications