স্টিয়ারিং-এ হনুমান! এরপর চালকের কী দশা হল, দেখুন ভাইরাল ভিডিও
হনুমানকে গাড়ির স্টিয়ারিং-এ বসানোর দায়ে চালককে ডিউটি রোস্টার থেকে সরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। চালকের আসনে চালক নিজে থাকলেও, স্টিয়ারিং-এর ওপরে একটি হনুমানকে বসে থাকতে দেখা গিয়েছিল।
হনুমানকে গাড়ির স্টিয়ারিং-এ বসানোর দায়ে চালককে ডিউটি রোস্টার থেকে সরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। চালকের আসনে চালক নিজে থাকলেও, স্টিয়ারিং-এর ওপরে একটি হনুমানকে বসে থাকতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। পরে প্রকাশ নামে কর্ণাটক পরিবহণের ওই চালককে সরিয়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে প্রকাশ নামে দাভানগরে ডিভিশনে কর্মরত কর্ণাটক পরিবহণের ওই চালক একটি হনুমানকে স্টিয়ারিং-এর ওপর বসিয়েই তা নিয়ন্ত্রণ করছেন। কোনও কোনও সময় দেখা যাচ্ছে, গিয়ার পরিবর্তনের সময় সেই হনুমানটি একাই স্টিয়ারিং ঘুরাচ্ছে।
জানা গিয়েছে ছবিটি ১ অক্টোবরের। দাভানগরে থেকে ভারামাসাগরে সরকারি বাস নিয়ে যাচ্ছিলেন প্রকাশ নামে ওই চালক। কেএসআরটিসি জানিয়েছে, চালককে তাঁর ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিভিশনাল সিকিউরিটি ইনস্পেক্টরকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। ঘটনা সম্পর্কে রিপোর্ট না পাওয়া পর্যন্ত, ওই চালককে কোনও ডিউটি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
কেএসআরটিসির দাভানগরে ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে হনুমানটি প্রতিদিনই বাসে যাতায়াত করে। কিন্তু ওইদিন সে হঠাৎই চালকের আসনে চলে যায়। যাত্রীদের চেষ্টা সত্ত্বেও সেই হনুমানটিকে সরানো যায়নি। অন্যদিকে প্রকাশ নামে বাস চালক নিজে পশু প্রেমী। তাঁর উচিত হয়নি হনুমানটিকে নিয়ে বাস চালানো।
ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, দুতিনমিনিট পর হনুমানটি সরে যায়। যাত্রীদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।












Click it and Unblock the Notifications