জ্বলছে রাজ্য, মুখ্যমন্ত্রী চললেন বিদেশে! সবরীমালায় প্রবেশ-বিতর্কে গণ-আত্মহত্যার হুমকি
সবরীমালায় প্রবেশাধিকার নিয়ে জ্বলছে গোটা রাজ্য। বিক্ষোভকারীরা গণ-আত্মহত্যার হুমকি দিচ্ছেন। এই অবস্থায় রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
সবরীমালায় প্রবেশাধিকার নিয়ে জ্বলছে গোটা রাজ্য। বিক্ষোভকারীরা গণ-আত্মহত্যার হুমকি দিচ্ছেন। এই অবস্থায় রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর এহেন ভূমিকায় গর্জে উঠল বিরোধীরা। অভিযোগ উঠেছে দায়িত্ব এড়িয়ে যেতেই মুখ্যমন্ত্রী বিদেশে পাড়ি দিয়েছেন। বিদেশে যত গুরুত্বপূর্ণ বৈঠকই থাক, একজন মুখ্যমন্ত্রীর এই সময়ে রাজ্যে থাকাই উচিত।

শতাব্দীপ্রাচীন সবরীমালা মন্দিরের ধর্মীয় রীতিকে বাঁচাতে এক শ্রেণির ভক্ত মরিয়া। তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে সরব হন। মঙ্গলবার থেকে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন রীতি-রক্ষার পক্ষে থাকা বিক্ষোভকারীরা। বুধবার সকাল থেকে তা ভয়ঙ্কর রূপ নেয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে সবরীমালা মন্দিরের দুয়ার সবার জন্য অবারিত হয়েছে। এদিনই সেই দ্বার খুলে দেওয়া হল সবার জন্য। সমস্ত বয়সের মহিলারা এর ফলে ঢুকতে পারবেন মন্দিরে। এই ঘটনায় কেরল জুড়ে উত্তেজনা তৈরি হয়। মহিলারাই মহিলাদের বাধা দেন মন্দিরে ঢুকতে।

এক পক্ষ চায় মন্দিরে ঢুকতে। এক পক্ষ চায় না। সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায়কেও একাংশ মানতে চায় না। সুপ্রিম রায়ে ১০ থেকে ৫০ বছরের মহিলারা এই মন্দিরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভের আওয়াজ শোনা গিয়েছে।

এদিন পুন্যার্থীরা যেমন মন্দিরে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তেমনই অন্যদিকে পুলিশও ছিল সতর্ক। বহু বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। এর মধ্যে যেমন পুরোহিতদের পরিবার ছিল, তেমনই ছিল পান্ডালাম রাজপরিবারের সদস্যরাও।

কেরল বিজেপি এই রায়ের বিরুদ্ধে। সেইমতো এদিন তারা বিক্ষোভও দেখায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে তারা বলেছে, এই প্রতিবাদ কেরলের মুখকেই বদলে দেবে। কেরল পুলিশ যদি হিন্দু পুণ্যার্থীদের ওপর লাঠি চালায় তাহলে ফল মারাত্নক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
সুপ্রিম কোর্টের রায় মেনে একাধিক মহিলা প্রবেশ করতে যান মন্দিরে। মন্দিরে ঢোকার জন্য চেষ্টা করেও তাঁদের ফিরে আসতে হয়। ফিরে আসতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। পুলিশের তরফে অবশ্য বিক্ষোভকারীদের ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রায় ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications