সমাজমাধ্যম কড়াকড়ি হচ্ছে ভারতেও? বয়সভিত্তিক নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে কেন্দ্র, কী জানালেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী
তবে কী ভারতও অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করবে? ভারতেও কী শিশুদের জন্য সামাজিক মাধ্যমে কড়া বিধিনিষেধ আসতে পারে? সরাসরি কিছু না বললেও ঠিক এরকমই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানিয়েছেন যে, বয়সভিত্তিক নিয়ন্ত্রণ এবং ডিপফেক মোকাবিলায় বড় প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনা চলছে।

মন্ত্রী স্পষ্ট করেছেন যে, নেটফ্লিক্স (Netflix), মেটা (Meta), এক্স (X) বা ইউটিউব (YouTube) যে সংস্থাই হোক না কেন, ভারতের আইন এবং সংবিধান মেনে চলতেই হবে। তাঁর কথায়, ডিপফেক এখন খুব তাড়াতাড়ি বাড়ছে এবং তা রুখতে আরও কঠোর ব্যবস্থা দরকার। শিশু এবং সাধারণ ব্যবহারকারীদের সুরক্ষাই এই আলোচনার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
সরকারি সূত্রে জানা যাচ্ছে যে, বর্তমানে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, তার বাইরে গিয়ে আরও কার্যকর পদক্ষেপের রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে। এই বিষয়টি সংসদীয় কমিটিতেও খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবের মতে, এই নিয়ে সর্বদলীয় ঐকমত্য অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়াতে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে। ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), টিকটিক (TikTok), স্ন্যাপচ্যাট (Snapchat)-সহ একাধিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর। ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে। ফ্রান্স-সহ আরও কয়েকটি দেশও এই একই পথে হেঁটেছে।
সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা এবং ভুয়ো কনটেন্ট ঠেকানোর জন্য ভারতে নতুন নীতি আসার সম্ভাবনা জোরালো হচ্ছে।












Click it and Unblock the Notifications