Muhammad Yunus: ইউনূসের উসকানি! উত্তর-পূর্ব নিয়ে বিতর্কিত মন্তব্যে নিন্দায় সরব হিমন্ত-বীরেন
Muhammad Yunus: চিন থেকে বাংলাদেশে বিনিয়োগ টানতে অযথাই ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে খাটো করে দেখানোর চেষ্টা মহম্মদ ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের মন্তব্যের তীব্র নিন্দা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। ইউনূসের কড়া সমালোচনা মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়েরও।
চিন সফরে গিয়ে ভারতকে কোণঠাসা করার নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছেন মহম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান টেনে এনেছেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্স-এর প্রসঙ্গ। ইউনূসের কথায়, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। তাই ভারত মহাসাগরের নাগাল পেতে হলে চিনের ভরসা হবে বাংলাদেশই। এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ইউনূস।

মঙ্গলবার ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। ইউনূসের মন্তব্য উসকানিমূলক বলে অভিযোগ তাঁর। উত্তর-পূর্বে শিলিগুড়ি হয়ে চিকেনস নেক করিডর নিয়ে ইউনূসের এহেন মন্তব্য হালকাভাবে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন হিমন্ত। এক্স পোস্টে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, "মহম্মদ ইউনূস বলেছেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য স্থল বেষ্টনে আবদ্ধ। তাই ভারত মহাসাগরের অভিভাবকত্ব নাকি বাংলাদেশের। তাঁর এই মন্তব্যের অবমাননাকর ও তীব্র নিন্দাজনক।"
উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য পূর্বেও ভারতের মধ্যেই ঘাঁটি গেড়ে থাকা নানা সমাজবিরোধীরা চক্রান্ত চালিয়েছে। আর এবার ইউনূসের এহেন মন্তব্যে ফের উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি হিমন্তর। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, চিকেনস নেক করিডরের মধ্য দিয়ে উত্তর পূর্বের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ আরও উন্নত করা আশু প্রয়োজন। এবিষয়ে অগ্রাধিকারের সঙ্গে বিকল্প সড়ক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে দাবি হিমন্তর।
ইউনূসের কড়া সমালোচনা করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং। নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের উত্তর পূর্বকে খাটো করার চেষ্টা করছে বলে অভিযোগ বীরেনের। ভারতের ঐক্য নষ্ট করতে চাইলেই কেউ তা পারবে না, ইউনূসকে তোপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
এক্স পোস্টে বীরেন সিং লেখেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মহম্মদ ইউনূস যে নিজেদের ফায়দার জন্যে উত্তর-পূর্বকে নিয়ে উসকানি দিচ্ছেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রনেতার থেকে এহেন উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আশা করা যায় না। এর কড়া নিন্দা জানাচ্ছি।"












Click it and Unblock the Notifications