হিমাচল প্রদেশ: নিয়ন্ত্রণ হারিয়ে বিপাশা নদীতে বাস, মৃত ১৮, আহত ২৬
নিয়ন্ত্রণ হারিয়ে বিপাশা নদীতে বেসরকারি বাস উল্টে মৃত্যু হল অন্ততপক্ষে ১৮ জন যাত্রীর। আহত প্রায় ২৬।
শিমলা, ৫ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে বিপাশা নদীতে বেসরকারি বাস উল্টে মৃত্যু হল অন্ততপক্ষে ১৮ জন যাত্রীর। আহত প্রায় ২৬। দুর্ঘটনাটি ঘটে হিমাচল প্রদেশের মান্ডি শহরের কাছে। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চার জন মারা যান।
বাসটি মান্ডি থেকে কুলুর দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। যাত্রীরা দুর্ঘটনার দায় চাপিয়েছেন বাসের চালকের ঘাড়েই। তাদের অভিযোগ অত্যন্ত দ্রুত গতিতে বাস চালাচ্ছিল ওই চালক। সামনে একটি মোটর বাইক চলে আসায় তাকে কাটাতে গিয়েই এই দুর্ঘটনা।

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৪টি নিচু দেওয়ার ভেঙে ২০০ ফুট নিচে বিপাশা নদীতে গিয়ে পড়ে। সরকারি ভাবে জানানো হয়েছে, আসনসংখ্যা ১ থেকে ১২ নম্বরের যাত্রীর সবার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃতদের মধ্যে এক দম্পতি ছিলেন বলেও জানা গিয়েছে যারা আগামী ২৫ নভেম্বর মেয়ের বিয়ে বলে নিমন্ত্রণ পত্র বিতরণ করতে গিয়েছিলেন।
সময় নষ্ট না করে স্থানীয় বাসিন্দা ও ট্রাকের চালকরা যদি উদ্ধারকাজে এগিয়ে না আসতেন তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে মনে করা হচ্ছে। পর্যটন মন্ত্রী জি এস বালি জানিয়েছেন এই দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন দফতরের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications