Heatwave: দিল্লিতে তাপপ্রবাহের সতর্কতা, রাজস্থানে 'রেড অ্যালার্ট' জারি! কীভাবে সুস্থ থাকবেন?
Heatwave: চলতি বছরে গরম যে অন্যান্য বছরের তুলনায় আরও তীব্র হবে, একথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা মরশুমের গড় তাপমাত্রার প্রায় ৩ ডিগ্রি বেশি, জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এদিকে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কতা (Heatwave warning) জারি করেছে আইএমডি।
আইএমডির পূর্বাভাস (IMD forecast) অনুযায়ী, আগামী সপ্তাহের গোড়ার দিকে ভারতের রাজধানী শহরের (Delhi) তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে।

এই সপ্তাহে ভারত জুড়ে তাপপ্রবাহের সতর্কতা-
- সোমবার: আইএমডি অনুসারে, গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ, পশ্চিম রাজস্থানের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থান, গুজরাত, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের বিচ্ছিন্ন অংশেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দেবে বলে জানা গিয়েছে। উপকূলীয় অঞ্চলে গুজরাত, কোঙ্কন এবং গোয়ার কিছু অংশে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
- মঙ্গলবার: রাজস্থানের কিছু অংশে মঙ্গলবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন অংশগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে।
- বুধবার: পূর্ব রাজস্থানের কিছু বিচ্ছিন্ন স্থানে বুধবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে।
- বৃহস্পতিবার: আবহাওয়া দফতর সূত্রে খবর, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন কিছু স্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার পশ্চিম রাজস্থানের কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। যার অর্থ হল মানুষের তাপ-সম্পর্কিত অসুস্থতা বা হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে। এই সময় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সঠিকভাবে যত্ন নিতে হবে।
অন্যদিকে সোমবার ও মঙ্গলবার জাতীয় রাজধানীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে দীর্ঘক্ষণ রোদে বাইরে থাকা বা শারীরিক পরিশ্রম করা ব্যক্তিদের তাপজনিত অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গরমে সুস্থ থাকতে কী করবেন-
- প্রচুর জল পান করুন: তেষ্টা না পেলেও সারাদিন প্রচুর জল পান করতে হবে। সঙ্গে ফলের রস, বাটারমিল্ক খেতে পারেন।
- হালকা ও ঢিলে পোশাক পরুন: এই সময়ে হালকা রঙের ও সুতির পোশাক পরুন, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
- সূর্যের রোদ থেকে বাঁচুন: দিনের বেলা যখন সবচেয়ে বেশি রোদ থাকে (সকাল ১১টা থেকে বিকেল ৪টা), তখন বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
- ঠান্ডা স্থানে থাকুন: যতটা সম্ভব ঠান্ডা স্থানে থাকুন। চেষ্টা করুন বাড়িতে থাকার।
- খাবার: গরমের দিনগুলিতে হালকা ও সহজে হজম হয় এমন খাবার খান। রাস্তার খাবার বা তেল-মশলা জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন।
এছাড়াও পর্যাপ্ত বিশ্রাম নিন। ঠান্ডা জল বা বরফ দিয়ে হাত, পায়ের পাতা, ঘাড়, কপালের মতো স্থান ঠান্ডা রাখুন।












Click it and Unblock the Notifications