Haryana Assembly Election 2024: হরিয়ানায় বিজেপি হ্যাটট্রিকের দিকে, নির্বাচনের গণনা নিয়ে সংশয়ী কংগ্রেস
Haryana Assembly Election 2024: হরিয়ানায় প্রতিষ্ঠান বিরোধিতার চ্যালেঞ্জ সামলেও সরকার গঠনের হ্যাটট্রিকের দিকে এগিয়ে চলেছে বিজেপি। এখনও অবধি তেমনই ইঙ্গিত।
প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে ছিল। কিন্তু গণনা যত এগিয়েছে ততই খেলা ঘুরেছে। লিড নিয়ে ম্যাজিক ফিগার টপকে গিয়েছে বিজেপি। তবে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। অনেক আসনেই প্রার্থীদের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান বেশ কম।

এরই মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য দেখানো হচ্ছে তা নিয়ে অভিযোগ জানাল কংগ্রেস। বিশেষ করে প্রাথমিক ট্রেন্ডকে উল্টে দিয়ে বিজেপি যেভাবে এগিয়ে গিয়েছে, কংগ্রেস শিবির তা নিয়েই বিচলিত। ভোট গণনার তথ্য নির্বাচন কমিশন দেরিতে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জয়রাম রমেশ।
কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কমিউনিকেশনস ইনজার্জ রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, লোকসভা নির্বাচনের মতোই ফের হরিয়ানায় গণনার তথ্য দিতে দেরি করা হচ্ছে। আপ-টু-ডেট ট্রেন্ড দেখানোর প্রক্রিয়াকেই মন্থর করে দেওয়া হয়েছে। বিজেপি এভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে চাপে রাখার কৌশল নিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
৯০ আসনের হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮ ও কংগ্রেস ৩৩ আসনে জিততে চলেছে বলে উল্লেখ রয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সংখ্যা মাঝেমধ্যে বদলালেও মোটের উপর বিজেপি ম্যাজিক ফিগারের উপরেই রয়েছে বলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখানো হচ্ছে।
কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনেক পিছিয়ে রয়েছে বাস্তবের চেয়ে। যেখানে এগারো রাউন্ড গণনা হয়ে গিয়েছে, সেখানেও চতুর্থ বা পঞ্চম রাউন্ডের ফল দেখানো হচ্ছে। জম্মু ও কাশ্মীরে যেখানে সাম্প্রতিকতম তথ্য দেওয়া হচ্ছে, সেখানে হরিয়ানায় কেন এমন হচ্ছে? প্রশ্ন তুলেছে কংগ্রেস।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি সংবাদমাধ্যমে বলেছেন, কংগ্রেসের স্বভাবই হলো যখন তারা হারে, তখনই কান্নাকাটি শুরু করে। আগে ইভিএমকে দোষারোপ করা হতো। এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটকে দোষারোপ করছে। কংগ্রেসের মেনে নেওয়া উচিত জনগণের রায়। ভোটাররা বিজেপিকে ঐতিহাসিক টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনছেন। সরকার ভালো কাজ করেছে বলেই এমনটা হয়েছে। কংগ্রেস বুঝুক মানুষ আর কংগ্রেসকে বিকল্প হিসেবে ভাবছেনই না।
এখনও অবধি হরিয়ানাতে বিজেপি যত আসনে এগিয়ে তা যদি শেষ অবধি একই থাকে তাহলে এটাও স্পষ্ট হবে কৃষক থেকে কুস্তিগীরদের নানা ইস্যুকে সামনে রেখেও বিজেপিকে ধাক্কা দিতে পারল না কংগ্রেস। কেন না, ২০১৯ সালের তুলনায় বিজেপির আসন হরিয়ানায় বাড়তে চলেছে বলেই ইঙ্গিত।












Click it and Unblock the Notifications