পাক হানায় ভারতীয় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, স্বীকারোক্তির মাঝেও ইসলামাবাদকে কড়া জবাব সিডিএস অনিলের
'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর কিছু বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। তবে, পাকিস্তান ছয়টি ভারতীয় জেট ভূপতিত করার যে দাবি করেছে, তাকে তিনি "একেবারে ভুল" বলে প্রত্যাখ্যান করেছেন।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান জোর দিয়ে বলেন যে, বিমান ক্ষতিগ্রস্ত হয়েছের থেকেও ভারতের জন্য বড় কথা এটি খুঁজে বের করা যে কেন বিমানগুলি হারিয়েছি। যাতে সামরিক বাহিনী তাঁদের কৌশল উন্নত করতে পারে এবং আবারও পাল্টা আঘাত হানতে পারে।

জেনারেল চৌহান বলেন, "আমার মনে হয়, বিমান ভূপতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কেন সেগুলি ভূপতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।" মে মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষে ভারত যুদ্ধবিমান হারিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সিডিএস আরও যোগ করেন, "ভালো খবর হল, আমরা আমাদের কৌশলগত ভুলগুলি বুঝতে পেরেছি। সেগুলোর প্রতিকার করেছি, সংশোধন করেছি এবং দু'দিন পর সেগুলো আবারও প্রয়োগ করেছি। আমরা আমাদের সব জেট আবারও দূরপাল্লার লক্ষ্যবস্তুতে উড়িয়েছি।"
'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তান ছয়টি ভারতীয় জেট ভূপতিত করার দাবিকে "একেবারে ভুল" বলে উড়িয়ে দিয়েছেন CDS। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বর্তমানে সিঙ্গাপুরে এশিয়া-প্যাসিফিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে একথা বলেছেন।
তিনি বলেন, "আমরা একটি যুদ্ধের পরিস্থিতিতে আছি এবং ক্ষয়ক্ষতি এর একটি অংশ। প্রশ্ন হল, আমরা কি আমাদের উদ্দেশ্য অর্জন করেছি? উত্তর হল, হ্যাঁ। এই মুহূর্তে, আমি জেট হারানোর বিষয়ে মন্তব্য করতে চাই না। কারণ আমরা এখনও যুদ্ধে আছি এবং শত্রুকে সুবিধা দিতে চাই না। আমাদের সব পাইলট বাড়িতে ফিরেছেন।"
এর আগে ১১ মে এক সাংবাদিক সম্মেলনে, ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস, এয়ার মার্শাল এ কে ভারতী, 'অপারেশন সিঁদুর'-এর সময় বিমান ক্ষতির বিষয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন যে "ক্ষয়ক্ষতি যুদ্ধের একটি অংশ", তবে নিশ্চিত করেন যে সমস্ত IAF পাইলট নিরাপদে বাড়ি ফিরেছেন।












Click it and Unblock the Notifications