বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, মুম্বইয়ে ওমিক্রনের অতি সংক্রামক সাব ভেরিয়েন্টে আক্রান্ত চার
বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, মুম্বইয়ে ওমিক্রনের অতি সংক্রামক সাব ভেরিয়েন্টে আক্রান্ত চার
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে। তার সঙ্গে চিন্তার পারদ বেশ খানিকটা বাড়িয়ে মুম্বইয়ে ওমিক্রনের সাব ভেরিয়েন্টে চার জন আক্রান্ত হয়েছে। তবে ওমিক্রনের সাব ভেরিয়েন্টে আক্রান্তদের চার জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের খবর।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, সোমবার ওমিক্রনের সাব ভেরিয়েন্ট বিএ.৪-এ তিন জন ও বিএ.৫-এ এক জন আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ের কস্তুর্ব হাসপাতালের পরীক্ষাগার থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ওমিক্রমনের এই দুই ভেরিয়েন্ট অত্যন্ত সংক্রামক। চলতি বছরের শুরুর দিকে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য ওমিক্রনের এই দুই সাব ভেরিয়েন্ট অনেকাংশে দায়ী ছিল।
ওমিক্রনের সাব ভেরিয়েন্টে আক্রান্ত চার জনের মধ্যে ১১ বছরের একজন কিশোরী রয়েছে ও অন্য একজনের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁরা দুজনেই বর্তমানে নিজের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন বলে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে।
মে মাসের মাঝামাঝি সময় থেকে মুম্বইয়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। টানা সাত দিন ধরে দেশের বাণিজ্য নগরীতে দৈনিক করোনা আক্রান্ত হাজারের ওপরে। শুধু রবিবারেই মুম্বইয়ে নতুন করে ৩,০০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর সঙ্গেই দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মহারাষ্ট্র জুড়ে কঠোর করোনা বিধি লাঘু করা হয়েছে। সোমবার মুম্বইয়ে ১,১১৮ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবারের তুলনায় এই পরিসংখ্যানটা কিছুটা কম। তবে শহরে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বর্তমানে মুম্বইয়ে অ্যাকটিভ রোগী ১১,৩৩১ জন।
চলতি মাসের শুরুতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করেছেন। মহারাষ্ট্র সরকার বাস, ট্রেন, সিনেমাহল, অডিটোরিয়াম, হাসপাতাল, কলেজ, স্কুল এবং বিভিন্ন জনবহুল জায়গায় ইতিমধ্যে মাস্ক বাধ্যতামূলক করেছে। মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে বলেও রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কওয়াদ জানিয়েছেন, নির্ধারিত সময় অর্থাৎ ১৫ জুন রাজ্যের সমস্ত স্কুল খুলবে। তবে তার আগে রাজ্যের স্কুল কর্তৃপক্ষগুলোকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সংবাদমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, বলিউডের প্রডিউসার ও ডিরেক্টর করণ জোহরের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই জন্মদিনের অনুষ্ঠান সুপার স্পেডার ইভেন্টের ভূমিকা নিয়েছেন। এক রিপোর্টে জানা গিয়েছে, ওই জন্মদিনের পার্টি থেকে প্রায় ৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শোনা যায়, শাহরুখ খানও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications