চুরি গেল উস্তাদ বিসমিল্লা খানের ৫টি রূপোর সানাই, দায়ের এফআইআর
কিংবদন্তী সানাই শিল্পী উস্তাদ বিসমিল্লাহ্ খানের উপহার পাওয়া ৫ টি রূপোর সানাই ছেলে কাজিম হুসেনের বাড়ি থেকে চুরি গিয়েছে। বেশ কিছুদিন ধরে ওই বাড়ি তালাবন্ধই ছিল। রবিবার রাতে চুরির খবর প্রকাশ্যে আসে।
বারাণসী, ৫ ডিসেম্বর : কিংবদন্তী সানাই শিল্পী উস্তাদ বিসমিল্লাহ্ খানের উপহার পাওয়া ৫ টি রূপোর সানাই ছেলে কাজিম হুসেনের বাড়ি থেকে চুরি গিয়েছে। বেশ কিছুদিন ধরে ওই বাড়ি তালাবন্ধই ছিল। রবিবার রাতে চুরির খবর প্রকাশ্যে আসে।
গত ৩০ নভেম্বর পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য এই বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে যান কাজিম। রবিবার রাতে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। এরপর ঘরে ঢুকে দেখেন উস্তাদ বিসমিল্লাহ খানের পাঁচটি সানাই এবং অন্যান্য উপহার ঘর থেকে গায়েব।

এরপরই থানায় গিয়ে বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করেন কাজিম। ফরেন্সিক বিশেষজ্ঞ দল এবং পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে কাজিমের বাড়িতে গিয়ে তদন্ত চালায় পুলিশ।
কাজিম হুসেনের কথায়, চুরি যাওয়া সানাইগুলির মধ্যে একটি বিশেষ সানাই ছিল। মহরমের পঞ্চম ও সপ্তম দিনে এই সানাইটি বাবা বাজাতেন।
কাজিম জানিয়েছেন, এই সানাইগুলি প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও , আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব , কংগ্রেস নেতা কপিল সিবল উপহার দিয়েছিলেন উস্তাদ বিসমিল্লাহ্ খানকে। বাবার উত্তরাধিকার হিসাবে এই সানাইগুলি নিজের কাছে রেখেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications