Exit Poll: উপনির্বাচনে কোন কেন্দ্রে কার জয়, বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী ইন্ডিয়া না এনডিএ-র
আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রথমবার ইন্ডিয়া বনাম এনডিএ মুখোমুখি হয়েছিল উপনির্বাচনে। দেশের মোট সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচের ফল কোনদিকে যায়, সেদিকে সজাগ দৃষ্টি যেমন রাজনৈতিক দলগুলির, তেমনই বিশেষজ্ঞদের।
ভোট ফুরোতেই বুথ ফেরত সমীক্ষায় আভাসও মিলেছে। ৬ রাজ্যর মোট সাতটি বিধানসভা কেন্দ্রের ভোটেই প্রথম পরীক্ষায় বসেছিল ইন্ডিয়া বনাম এনডিএ। এই সাতটি কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলার একটি, ত্রিপুরার দুটি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল ও ঝাড়খণ্ডের একটি করে আসন।

স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ত্রিপুরার দুটি আসন যাঁদের দখলে ছিল, তাঁদের দখলেই থাকবে। বক্সানগর ছিল সিপিএমের দখলে। আর ধনপুরা ছিল বিজেপির। এবারও তারাই জিতবে। বক্সানগরে সিপিএম প্রার্থী সামসুল হকের প্রয়াণে উপনির্বাচন হচ্ছে। আর ধনপুরায় বিজেপির জয়ী প্রার্থী প্রতিমা ভৌমিক পদত্যাগ করেন।
উত্তরাখণ্ডের একটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবার। উত্তরাখণ্ডের বাঘেশ্বর কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আভাস। এই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। ২০০৭ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়ে আসছিলেন চন্দন রাম দাস। তাঁর প্রয়াণে এই কেন্দ্রে ভোট হচ্ছে। এটি বিজেপির হাতছাড়া হওয়ার আভাস মিলেছে সমীক্ষায়।
উত্তরপ্রদেশের ঘোষি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সমাজবাদী পার্টির দারা সিং চৌহানের পদত্যাগের ফলে এই কেন্দ্রে উপনির্বাচন। বিজেপিতে যোগ দিয়ে দ্রা সিং চৌহান প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রটি সমাজবাদী পার্টিই দখলে রাখবে।
কেরলের পুথুপল্লি কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে কংগ্রেসের বিধায়ক ওমেন চাণ্ডির প্রয়াণে। স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে কংগ্রেসেরই জেতার সম্ভাবনা। এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে ইন্ডিয়ার জোটেরই শরিক সিপিএম। বিজেপি এখানে দূরবর্তী তৃতীয় স্থান পাবে বলেই আভাস।
ঝাড়খণ্ডের দুমরি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে জেএমএম বিধায়ক জগরনাথ মাহাতোর প্রয়াণে। এই কেন্দ্রে স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জেএমএমের দখলেই থাকবে। এই কেন্দ্রের চারবারের বিধায়ক ছিলেন জগরনাথ মাহাতো। গত বিধানসভায় এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়।
আর পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে। এই কেন্দ্রে স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূলের জয়ের সম্ভাবনা। অর্থাৎ বিজেপির হাতছাড়া হবে এই কেন্দ্রটি। এখানে অবশ্য ইন্ডিয়ার অপর দুই শরিক কংগ্রেস ও সিপিএম আলাদা প্রার্থী দিয়েছিল।
স্মল বক্স ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সাতটি কেন্দ্রের মধ্যে ইন্ডিয়ার দখলে ৬টি আসন এবং এনডিএ তথা বিজেপির দখলে থাকছে একটি আসন। বিজেপি একটি আসন ধরে রাখতে সমর্থ হলেও হাতছাড়া করবে দুটি আসন। কোনও বাড়তি আসন দখল করেত পারবে না বলেই আভাস।












Click it and Unblock the Notifications