রাহুল গান্ধী কী বাজেট বোঝেন? কটাক্ষের সুরে প্রশ্ন স্মৃতি ইরানির
শনিবার কেন্দ্রীয় বাজেট-২০২০-এর সমালোচনায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার তাঁকে পাল্টা আক্রমণ শানালেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। রাহুলকে কটাক্ষ করে স্মৃতি প্রশ্ন করেন, 'উনি (রাহুল গান্ধি) কি বাজেট বিষয়টা কী, আদৌ তা বুঝতে পেরেছেন?'

স্মৃতি ইরানির দাবি
স্মৃতি ইরানি দাবি করেন, 'বাজেট পেশের সময় আমি রাহুল গান্ধীর সামনে বসেছিলাম। অর্ধেক সময় উনি চোখ বন্ধ করে বসেছিলেন। এরপর আর্থিক প্রভাব, প্রত্যক্ষ, পরোক্ষ কর নিয়ে যখন আলোচনা চলছে, উনি বাইরে বেরিয়ে গেলেন। এমনকি, নির্মলাজি যখন অসুস্থ হলেন, গ্যালারিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী হাসছিলেন।একজন মহিলা যখন অসুস্থ হন, আপনি কী তাঁকে দেখে হাসেন?'

বাজেট নিয়ে রাহুলের কটাক্ষ
এর আগে শনিবার বাজেট পেশের পর এটিকে দীর্ঘ ও 'ফাঁকা ভাষণ' বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সংসদে বাজেট অধিবেশন শেষ হতেই রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে বলেন, 'সম্ভবত ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ভাষণ এটাই। তবে তার মধ্যে ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নেই। যে ইস্যু সবচেয়ে বেশি গুরুত্বের তা হল বেকারত্ব। যুব সমাজ যাতে বেশি চাকরি পায়, তার জন্য আমি কোনও স্ট্র্যাটেজিকাল আইডিয়া বাজেটে দেখতে পেলাম না। শুধু কথা কিন্তু কোনও কাজের কাজ হচ্ছে না।'

সনিয়া, রাহুলকে বিজেপির কটাক্ষ
এরপরই বিজেপির তরফে রাহুল ও সনিয়াকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছিল। বিজেপির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ জিভিএল নরসিমা রাও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার পর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, 'এই বাজেটে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে উৎসাহিত করার মতোও রসদ আছে। কর ফাঁকির অভিযোগ তাঁরা এড়াতে পারেন এই বাজেটের পরে। ২০২০ সালের মার্চ নাগাদ তাঁরা যদি কর দেন, তবে ১০০ কোটিরও বেশি কর দেওয়ার ক্ষেত্রে তাঁদের সুদ ও জরিমানা দিতে হবে না।'












Click it and Unblock the Notifications