দীপাবলিতে কর্মীদের জন্য ৫১ টি এসইউভি (SUV)! চণ্ডীগড় ফার্মা কোম্পানির উৎসবের উপহার দেখে হতবাক সকলে
চণ্ডীগড়ের একটি ওষুধ কোম্পানির মালিক দীপাবলিতে কর্মীদের গাড়ি উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে হতবাক করে দিয়েছেন। অবাক হওয়ার মতো ঘটনা হলেও, এমনটাই ঘটেছে চণ্ডীগড়ে। জানা গিয়েছে, সংস্থাটির কর্ণধার এমকে ভাটিয়া দীপাবলির উপহার হিসেবে তার কর্মচারীদের হাতে ৫১টি বিলাসবহুল গাড়ি তুলে দিয়েছেন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও দীপাবলি উপলক্ষে তার কর্মীদের বেশ কয়েকটি আশ্চর্যজনক গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। ভাটিয়া এই নিয়ে তৃতীয়বারের মতো তাঁর সংস্থার উচ্চ পদস্থ কর্মীদের গাড়ি উপহার দিয়েছেন। যদিও, সংস্থা থেকে কাজ ছেড়ে দিলে গাড়িগুলি ওই কোম্পানিকে জমা দিয়ে যেতে হবে কর্মীদের।

এমকে ভাটিয়ার অসাধারণ উদারতার এই কাজটি কর্মীদের প্রতি তার নম্র স্বভাব এবং কৃতজ্ঞতাকে প্রতিফলিত করে। কারণ তিনি যখন ব্যবসা শুরু করেছিলেন তখন শুরুতেই তিনি কঠিন সময় দেখেছিলেন। দীপাবলীর উপহার হিসেবে কোম্পানির তরফ থেকে এরকম বিলাসবহুল গাড়ি পেয়ে আনন্দিত MITS সংস্থাটির ৫১ জন কর্মী। গাড়ি উপহার দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এম কে ভাটিয়া জানিয়েছেন, 'গতবছর দীপাবলীর সময়ও সংস্থার বহু কর্মীকে উপহার হিসেবে গাড়ি দেওয়া হয়েছিল।'
প্রতিবছর দীপাবলীর উপহার হিসেবে ভাটিয়া কর্মীদের গাড়ি গিফট কেন করেন জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেছেন, 'যখন আপনার কর্মীরা খুশি থাকবে তখন কোম্পানির আর্থিক বৃদ্ধি এমনিতেই হবে। আমার কর্মীরাই আমার ওষুধ কোম্পানিগুলির শিরদাঁড়া। আজ আমার সাফল্যের কারণ হলো তাদের কঠোর পরিশ্রম, সততা এবং নিষ্ঠা। তাদের অনুপ্রাণিত করার জন্যই প্রত্যেকবছর আমি তাদের নতুন নতুন গাড়ি উপহার হিসেবে দিই। এতে কাজের প্রতি ওরা আরও মনোযোগী হবে।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে অনেক মানুষ অনেকরকম মন্তব্য করেছেন। একজন ব্যক্তি বলেন, "গাড়ির EMI আবার কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে নাতো ?"
একজন ব্যবহারকারী মজা করে বলেছেন, "আমার মাইক্রোবায়োলজি বিষয়ে ডিগ্রি আছে, তাহলে কি এই কোম্পানিতে আমার যোগদানের কোন সুযোগ আছে?"
কমপক্ষে ৫১ জন কর্মীর হাতে নতুন গাড়ির চাবি তুলে দিতে দেখা গিয়েছে মালিক ভাটিয়াকে। যেই দৃশ্যের ভিডিও দেখার পর বহু নেট নাগরিকরা ওই সংস্থায় কাজের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications