'মুখ্যমন্ত্রী হিসাবে করা ভুল যেন বিরোধী দলনেতা হিসাবে না করেন ফড়নবীশ'
'মুখ্যমন্ত্রী হিসাবে করা ভুল যেন বিরোধী দলনেতা হিসাবে না করেন ফড়নবীশ'
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নবনির্বাচিত বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশকে ফের তোপ শিবসেনার। শিবসেনার দলীয় মুখপত্র সামনার মাধ্য়মে এই তোপ দাগা হয় এই বিজেপি নেতার বিরুদ্ধে। দেবেন্দ্র ফড়নবীশের নামে একটি প্রতিবেদনে লেখা হয় যে মুখ্যমন্ত্রী হিসাবে যেই ভুলগুলো করেছিলেন, সেগুলি যেন তিনি বিরোধী দলনেতা হিসাবে না করেন।

'পদের সম্মান ও মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে'
প্রতিবেদনে লেখা হয়, যদিও এটা একান্তই বিজেপি অভ্যন্তরীণ বিষয়। তবে শিবসেনার তরফে সেই প্রতিবেদনের মাধ্যমে বলা হয় যে বিধানসভায় বিরোধী দলনেতার মান, সম্মান ও মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। সেই দিকে নজর দিয়ে বিরোধী দলনেতা হিসাবে কাজ করা উচিত দেবেন্দ্র ফড়নবীশের।

বসুন্ধরা ও শিবরাজের উদাহরণ
প্রতিবেদনটিতে অন্য রাজ্যে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কথা উল্লেখ করে বলা হয়, রাজস্থানে যখন বসুন্ধরা রাজে ক্ষমতাচ্যুত হন বা মধ্যপ্রদেশে যখন শিবরাজ সিং চৌহান গদি হারান, তাঁরা কিন্তু বিরোধী দলনেতা পদে থাকেননি। আদতে মহারাষ্ট্রে বিজেপির তরফে দেবেন্দ্রকে বিরোধী দলনেতা করার প্রেক্ষিতেই এই খোঁচা দেয় শিবসেনা।

লজ্জানক পদত্যাগের জন্য খোঁচা
সামনাতে দেবেন্দ্র ফড়নবীশকে তোপ দেগে আরও বলা হয়, অনৈতিক ও অবৈধ ভাবে তিনি শপথগ্রহণ করেছিলেন। আর তার ৮০ ঘণ্টা পরেই তাঁকে লজ্জার সঙ্গে পদত্যাগ করতে হয়।

স্পিকার পদে নির্বাচিত হন বিজেপিত্যাগী পাটোলে
এছাড়া নানা পোটোলের স্পিকার হিসাবে যোগদান প্রসঙ্গেও বিজেপিকে তোপ দাগে শিবসেনা। সামলাতে লেখা হয়, বিধানসভার স্পিকার হিসাবে নানা পাটোলে নির্বাচিত হওয়া বিজেপির গালে এক থাপ্পড়। নানা পাটোলে প্রথম নেতা ছিলেন যিনি বিজেপিতে থাকাকালীন দুর্নীতির প্রশ্ন তুলে দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। এবং তাঁর স্পিকার পদে বসা এক দুর্দান্ত ঘটনা। পাটোলে বলেছিলেন বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকে কথা বলতে দেন না। আর এখন বিধানসভায় পাটোলে সিদ্ধান্ত নেবেন যে কে কথা বলবে আর কে বলবে না।"

প্রাক্তন শরিকের প্রতি উদ্ধবের সৌজন্য বার্তা
একসময় শরিক হিসেবে শাসক দলের আসনেই বসতেন পাশাপাশি। পাঁচ বছরে সম্পর্কে তিক্ততায় সমীকরণ বদলে গিয়েছে। শরিকি সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু তারপরেও শরিককে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান না মহারাষ্ট্রের নব্যনিযুক্ত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রবিবার বিধানসভা অধিবেশনে রাজনৈতিক সৌজন্যের নজির দেখিয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, এতোদিনের সম্পর্কের তিক্ততা মনে রেখেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান না দেবেন্দ্র ফড়নবিশকে।












Click it and Unblock the Notifications