বিধ্বংসী আগুন দিল্লির লোকনায়ক ভবনে, শর্ট সার্কিট নাকি অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত
লোকনায়ক ভবনেই রয়েছে সিবিআই, ইডি-সহ একাধিক সরকারি দফতরের অফিস। অফিস টাইমে এই আগুন লাগায় বহু মানুষ আটকে পড়েন।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দিল্লির লোকনায়ক ভবনের একাংশ। সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির তুঘলক রোডে খান মার্কেটের পাশে লোকনায়ক ভবনে আগুন লাগে। দমকলের ২৬টি ইঞ্জিনের চেষ্টার আগুন নেভানোর কাজ চলে। এই ভবনেই রয়েছে সিবিআই, ইডি-সহ একাধিক সরকারি দফতরের অফিস। অফিস টাইমে এই আগুন লাগায় বহু মানুষ আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। লোকনায়ক ভবনের চতুর্থ তলার এসি থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানতে পেরেছেন দমকল কর্মীরা। সেই আগুন নিমেষেই ছড়িয়ে পড়তে থাকে অন্যান্য অংশে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নিরন্তর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভবনে কাঠের পার্টিশন রয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এক কামরা থেকে অন্য কামরায়। আশঙ্কা করা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক নথি নষ্ট হয়ে যাওয়ারও।

এই আগুনের পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল ও পুলিশের তরফে পৃথক পৃথক অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এই ভবনেই ইডি-র প্রধান কার্যালয়। অফিস রয়েছে সিবিআই, আয়কর ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরেরও। তাই অন্তর্ঘাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগুন লাগার পরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের বিশাল বাহিনী চটজলদি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। তিনটি লিফট ক্রেনের মাধ্যমে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দমকল কর্মীরা।












Click it and Unblock the Notifications