গণতান্ত্রিক মূল্যবোধই দুই দেশের প্রধান ভিত্তি, জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতেই ঐক্যের বার্তা ব্লিনকেনের
গণতান্ত্রিক মূল্যবোধই দুই দেশের প্রধান ভিত্তি, জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতেই ঐক্যের বার্তা ব্লিনকেনের
পূর্বষোষিত সফর সূচি অনুযায়ী বুধবারই দু-দিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। আর তাকে ঘিরেই দিল্লিতে সাজ সাজ রব। এদিকে ভারত সফরের প্রথম দিবেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসলেন ব্লিনকেন। দিলেন ঐক্যের বার্তা। সেই সঙ্গে তিনি এও বললেন, গোটা বিশ্ব জুড়েই গণতন্ত্র এবং স্বাধীনতা ঝুঁকির সম্মুখীন। এমতাবস্থায় শীর্ষ গণতন্ত্র হিসেবে ভারত এবং আমেরিকার একসঙ্গে একজোট হয়ে কাজ করা উচিত বলেই স্পষ্ট বার্তা দিলেন তিনি।

গণতন্ত্রের সুতোয় গাঁথা ভারত-মার্কিন সম্পর্ক
এদিকে এদিন ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গেও দেখা করেন ব্লিনকেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলাই লামার প্রতিনিধিও। ১০ মিনিট পৃথক ভাবে কথাও বলেন তাদের সঙ্গে। সঙ্গে সৌভাতৃত্বের বার্তা দিয়ে ব্লিনকেন আরও বলেন, "গণতন্ত্রের সুতোয় গাঁথা ভারত-মার্কিন সম্পর্ক। গণতান্ত্রিক মূল্যবোধই হল দুই দেশের প্রধান ভিত্তি। আর তা রক্ষা করে যাওয়াই দুই দেশের প্রধান কর্তব্য।"

বাইডেনের ভারত সফরের স্মৃতিচারণা
জয়শঙ্করকে পাশে বসিয়ে এদিন বাইডেনের ভারত সফরেরও স্মৃতিচারণা করতে দেখা যায় তাঁকে। খানিক আবেগতাড়িত হয়েই এদিন ব্লিনকেন বলেন, "২০০৬ সালে সেনেটর থাকাকালীন জো বাইডেন ভারত সফরে এসেছিলেন। সেই সময়ও তিনি বলেছিলেন ২০২০ সালের মধ্যে আমেরিকার সবথেকে বড় বন্ধু হবে ভারত। আজ তিনি আমেরিকার মসনদে বসার পর সেই কথাই সবথেকে বেশি মনে পড়ছে আমার।"

বিদেশি শক্তির মোকাবিলা করতে দুই দেশ
এদিকে দুই দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ছাড়াও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে। ব্লিনকেনের স্পষ্ট দাবি ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ভারতের সঙ্গে মিলে আমেরিকা আফগানিস্তানের স্বাধীনতার লক্ষ্যে কাজ করে যাবে। আর এই ক্ষেত্রে যে কোনও বিদেশি শক্তির মোকাবিলা করতে দুই দেশ প্রস্তুত রয়েছে।

পাকিস্তানকে খোঁচা জয়শঙ্করের
এদিকে আফগানিস্তান ইস্যুতে আবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, '২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা, বিশ্ব রাজনীতিতে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখা যাবে এটাই কাম্য। তবে বর্হিশক্তির সাহায্য নিয়ে তালিবানি আগ্রাসন বেশিদিন টিকবে না।' এই বক্রোক্তির মাধ্যমেই পাকিস্তান ও চিনকেই ঘুরিয়ে খোঁচা দেন জয়শঙ্কর, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications