১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘গাজা’, অভিমুখ তামিলনাড়ু হলেও ঝাপটা বাংলাতেও
ফুঁসছে সাগর। ঘূর্ণিঝড় ‘গাজা’ ধেয়ে চলেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে তামিলনাড়ু অভিমুখে। গতি প্রায় ১০০ কিলোমিটার। ১৫ নভেম্বর তা আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে।
ফুঁসছে সাগর। ঘূর্ণিঝড় 'গাজা' ধেয়ে চলেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে তামিলনাড়ু অভিমুখে। গতি প্রায় ১০০ কিলোমিটার। ১৫ নভেম্বর তা আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে। আর বঙ্গোপসাগরে যখন অবস্থান করছে ঝড়, তখন বাংলাকে তো ঝাপটা মারবেই। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি চলবে, বইবে ঝোড়ো হাওয়া।

এর আগেই 'তিতলি' হানা দিয়েছিল দেশের বুকে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পুজোর মুখেই আছড়ে পড়ে 'তিতলি'। তার প্রভাবে ওড়িশায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুজোর বাংলাতেও তার প্রভাব পড়ে। আর 'তিতলি'র পথ ধরেই আসার কথা ছিল 'গাজা'র। সেই 'গাজা'ও এবার হানা দেবে, তবে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকেই ছুটে চলেছে ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। সমুদ্র সৌকতে নামার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেননা, বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী দু-দিন। বৃহস্পতিবার 'গাজা' আছড়ে পড়ার আগে পর্যন্ত এ রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা থাকবে। 'গাজা' আছড়ে পড়ার পর অর্থাৎ ১৫ নভেম্বরের পর দুর্যোগ কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এর ফলে আগামী দুদিন তাপমাত্রা বাড়বে। বাড়বে রাতের তাপমাত্রাও। ফলে শীত শীত ভাব হাওয়া হবে 'গাজা'র প্রভাবে। তবে যাবতীয় প্রভাব পড়বে শুধু দক্ষিণবঙ্গেই, উত্তরবঙ্গে কোনও প্রভাব পড়বে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ নভেম্বর রাত থেকে ভোর পাঁচটার মধ্যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে গাজা। নাগাপত্তিনাম থেকে কোড্ডিকোরাইয়ের মধ্যে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়। এর জেরে প্রবল বৃষ্টিপাত হবে।












Click it and Unblock the Notifications