বৈধ টিকার তকমা দেওয়া হোক কোভ্যাক্সিনকে, হু-ইউরোপীয় ইউনিয়নের কাছে তদবির ভারতের
বৈধ টিকার তকমা দেওয়া হোক কোভ্যাক্সিনকে, হু-ইউরোপীয় ইউনিয়নের কাছে তদবির ভারতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ ভ্যাকসিনের তালিকায় কোভিশল্ড, মডার্না, ফাইজার সহ একাধিক টিকা জায়গা পেলেও এখনও নাম উঠেনি ভারত বয়োটেকের কোভ্যাক্সিনের। এদিকে হু-র নিরাপদ তালিকায় নাম না থাকায় বৈধ ভ্যাকসিনের তালিকা থেকে কোভ্যাক্সিনকে বাদ দিয়েছে সিংহভাগ দেশই। যার ফলে ভারতীয়দের বিদেশযাত্রায় রীতিমতো বেগ পেতে হচ্ছে। এবার এই সঙ্কট কাটাতেই উঠেপড়ে লাগল কেন্দ্র।

কথা চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে
কোভিশিল্ড নেওয়া ভারতীয়দের যাতায়াতে কোনও প্রতিবন্ধকতা না থাকলেও যে সমস্ত ভারতীয় কোভ্যাক্সিন নিয়েছেন তাদেরই সর্বাধিক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের শীর্ষ কূটনীতিকরা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে এই বিষয়ে কথা বলা শুরু করেছেন। কথা বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও।

ভারত বায়োটেকের সঙ্গে বৈঠকে বিদেশ সচিব ?
এদিকে ইতিমধ্যেই শোনা যাচ্ছিল এই বিষয়ে কথা বলতে সোমবারই ভারত বায়োটেকের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন পাকা খবর মেলেনি। তবে তিনি দ্রুত কোভ্যাক্সিনের বৈধ টিকার তকমা আদায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তদবির করছেন এই বিষয়টা স্পষ্ট। এমনকী বিশ্বব্যাপী জরুরি ভিত্তিতে টিকাকরণে যাতে এই ভ্যাকসিনকে কাজে লাগানো যায় সেই বিষয়েও কথা বলবেন বলে শোনা যাচ্ছিল।

বৈধ টিকার তালিকায় কোন কোন ভ্যাকসিন
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং মর্ডানার বেশ কয়েকটি ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। এমনকী কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে এই ভ্যাকসিনগুলির বিশ্বব্যাপী রফতানিও চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু ভারতে প্রায় সমস্ত পরীক্ষায় উর্তীর্ণ হতে সক্ষম হলেও এখনও তালিকায় নেই ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও হায়দরাবাদের ভারত বায়োটেকের হাতে তৈরি কোভ্যাক্সিন।

গুজবের জেরেই বিভ্রান্তি
প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় পর্বের ট্রায়াল শেষ না হওয়ার পরেও শুরুতে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পায় ভারত বায়োটেক। এমনকী এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আতঙ্ক বাড়তে থাকে সাধারণ মানুষের মনে। তারপর থেকেই বিশ্বব্যাপী এই ভ্যাকসিনকে নিয়ে একাধিক গুজব ছড়ায়। ওয়াকিবহাল মহলের মতে কোভ্যাক্সিনকে নিয়ে আম-আদমির মনের সেই ভয় এখন কাটেনি। কিন্তু বর্তমানে সমস্ত পরীক্ষা নিরীক্ষায় এই ভ্যাকসিন সফল ভাবে উত্তীর্ণ হলেও বেশিরভাগই দেশই এখনও কোভ্যাক্সিনকে অনুমোদন না দেওয়াতেই বাড়ছে উদ্বেগ। এদিকে গবেষকরা জানাচ্ছেন করোনা ভাইরাসের নয়া স্ট্রেনগুলির বিরুদ্ধেও সফল ভাবে লড়তে সক্ষম এই ভ্যাকসিন।












Click it and Unblock the Notifications