মোদী 'অযোগ্য', কিছুই বোঝেন না! 'সাম্রাজ্যবাদী' প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ রাহুলের
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে অযোগ্য। এটা সমাজের সব ক্ষেত্রের মানুষই আজ না হলে কাল বুঝতে পারবেন। উনি কিছুই বোঝেন না।' রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরই এদিন এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন কৃষি আইনের বিরোধিতায় রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধিরা।

দেশে কোনও গণতন্ত্র নেই
এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, 'দেশে কোনও গণতন্ত্র নেই। কয়েকজন ব্যবসায়ীর হয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিছুই বোঝেন না। করোনার সময়ও বলেছিলাম। তখন বলেছিল যে আমি বেকার ভয় পাওয়াচ্ছি সবাইকে। এখন আর সেই কথা বলে না। ওনাকে পিছন থেকে দুই তিনজন চালাচ্ছে, আর সেই মতো মোদী কাজ করছেন।'

মোদী কিছুই বোঝেন না
এদিন রাহুল গান্ধী আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদী শুধু সাম্রাজ্যবাদীদের জন্যে টাকা উপার্জনের উপায় বের করে দিচ্ছে। কখনও কৃষকদের জঙ্গি, বা কখনও খালিস্তানি তকমা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে অযোগ্য। এটা সমাজের সব ক্ষেত্রের মানুষই আজ না হলে কাল বুঝতে পারবেন। উনি কিছুই বোঝেন না।'

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন রাহুল গান্ধীরা
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে ওই তিন আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। সেই সময় প্রিয়াঙ্কা সহ বহু কংগ্রেস নেতাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধিরা।

দুই কোটি স্বাক্ষর সংগ্রহের দাবি
এর আগে, বিতর্কিত ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে রাহুল গান্ধী পাঞ্জাব এবং হরিয়ানায় ট্র্যাক্টর সমাবেশ করেছিলেন। আইন বাতিল করতে কৃষক, শ্রমিক এবং সমাজের অন্যান্য স্তরের মানুষদের থেকে দুই কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে কংগ্রেস। সেই স্বাক্ষর রাষ্ট্রপতিকে জমা দিয়ে কংগ্রেস এই ইস্যুতে তাঁর হস্তক্ষেপের দাবি জানায়।












Click it and Unblock the Notifications