সন্তানের দায়িত্ব বাবা পাবেন না মা, তা ঠিক করবে রিপোর্ট কার্ড, বলছে সুপ্রিম কোর্ট
অনেক সময়ে পরিস্থিতি বিচার করে তা বাবাকে দেওয়া হয়, অনেকসময় মাকে। তবে এক রায়ে অন্যরকম পর্যবেক্ষণ করে অনন্য সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে সন্তানের দায়িত্ব কে পাবেন তা নিয়ে নানা সময়ে বিরোধ চলে। অনেক সময়ে পরিস্থিতি বিচার করে তা বাবাকে দেওয়া হয়, অনেকসময় মাকে। তবে এক রায়ে অন্যরকম পর্যবেক্ষণ করে অনন্য সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। নিজের রায়ে জানাল, সন্তানের দায়িত্ব কার কাছে যাবে তা ঠিক করবে সন্তানের পড়াশোনার রিপোর্ট কার্ড।

সুপ্রিম কোর্টের বিচারপতি একেসিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এই রায় দিয়েছে। এর আগে এই মামলায় বম্বে হাইকোর্টের রায় খারিজ করে নতুন রায় শোনানো হয়েছে।
জানা গিয়েছে, ১৫ বছরের বিবাহিত জীবনের মায়া কাটিয়ে এক মহিলা নিজের বাপের বাড়িতে গিয়ে ওঠেন। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বাড়ি ছাড়েন তিনি। তবে তাঁর একটি ১৪ বছরের ছেলে ও ১০ বছরের মেয়ে রয়েছে। তারা বাবার সঙ্গেই থেকে যায়।
পরে আদালতের দ্বারস্থ হলে স্বামী ছেলেৃমেয়ের দায়িত্ব পান। পরে ছেলেমেয়ের সঙ্গে দেখা করলে তাদের সঠিক সময়ে বাড়ি ফেরানো হয়নি বলে আদালতে মামলা করেন স্বামী। সেইসময়ে মহিলা আদালতে জানান, ছেলে নবম শ্রেণিতে খারাপ ফল করেছিল। ফেল করে বছর নষ্ট যাতে না হয় সেজন্য তিনি নিজের কাছে রেখেছিলেন। স্বামীই ছেলেমেয়েদের পাঠিয়েছিলেন।
যদিও হাইকোর্ট সেসব না শুনে গত বছরের ফেব্রুয়ারিতে ছেলেমেয়ের দায়িত্ব বাবাকে দিয়ে দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহিলা। সবদিক বিচার করে মহিলার হাতেই সন্তানের দায়িত্ব তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত।
নিজের রায়ে আদালত বলেছে, সবদিক বিচার করে দেখা গিয়েছে, মায়ের কাছে থেকেই দুই সন্তানের পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগের চেয়ে দারুণ ভালো ফল করেছে। এটাকে কোনওভাবে অস্বীকার করা যায় না। ফলে সন্তানের দায়িত্ব মাকেই দেওয়া হল।












Click it and Unblock the Notifications