অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু! টিডিপি কি ফের এনডিএ জোটে, জল্পনা তুঙ্গে
তেলেগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বুধবার দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সন্ধেয় তাঁদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফলে লোকসভা নির্বাচনের আগে চন্দ্রবাবু নাইডু ফের বিজেপি সঙ্গী হতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার অভিযোগ করে এনডিএ জোট ছেড়েছিলেন এন চন্দ্রবাবু নাইডু।
বুধবার দিল্লিতে যদি চন্দ্রবাবু নাইডু ও নরেন্দ্র মোদী অমিত শাহদের বৈঠক হয়, তাহলে তা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ। নয় ফেব্রুয়ারি টিডিপির নির্ধারিত সংসদীয় বোর্ডের বৈঠকের পরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা দু'দিন আগেই হতে চলেছে। টিডিপি সূত্রে খবর বৈঠকে জোটের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

টিডিপি ও জনসেনার মধ্যে জোট ঘোষণার পরে নাইডু ও পবন কল্যা আসন ভাগাভাগি নিয়ে একাধিক আলোচনা করেছেন। তাদের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছে। তবে বিজেপির জোটে যোগদান নিয়ে অনিশ্চয়তা থাকায় এব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
বিজেপি সূত্রে খবর, তারা প্রতিটি রাজ্যে দলের প্রসার করতে চায়। জোটের শর্ত সঠিক হলে এবং পর্যাপ্ত প্রতিনিধিত্ব পেলে কেন্দ্রীয় নেতৃত্ব এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে টিডিপির সঙ্গে অতীতের অভিজ্ঞতার প্রেক্ষিতে বিজেপি হাইকমান্ড জোট নিয়ে অতিরিক্ত সতর্ক রয়েছে।
২০১৪-র লোকসভা নির্বাচনে টিডিপি বিজেপির সঙ্গে জোট করেছিল এবং একসঙ্গে লড়াই করে টিডিপি ১৯ ও বিজেপি তিনটি আসনে জয়লাভ করেছিল। সেখানে ২০১৯-এর নির্বাচনে বিজেপি অন্ধ্রপ্রদেশ থেকে একটিও আসন পায়নি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এবারের লোকসভা নির্বাচনে এনডিএ চারশোর বেশি আসন পাবে, তার মধ্যে বিজেপি পাবে ৩৭০-এর বেশি আসন। এই আসন সংখ্যায় পৌঁছতে গেলে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপিকে বেশি আসন পেতেই হবে। প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেছিলেন, বিরোধী দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস হারিয়েছে এবং দীর্ঘদিন বিরোধী বেঞ্চে থাকার সংকল্প করেছে।
এদিকে নীতীশ কুমারও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বলে জানা গিয়েছে। পঞ্চমবার জোট বদলের পরে এটাই তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাত। নীতীশ কুমার এনডিএ জোটে ফিরলেও, তাঁর দল জেডিইউ এনডিএ জোটের অংশ হিসেবে লোকসভা নির্বাচনে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও ঠিক হয়নি।












Click it and Unblock the Notifications