বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার সাংসদের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য মুম্বইয়ে
বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার সাংসদের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য মুম্বইয়ে
নির্বাচনী আবহে যখন তপ্ত দেশের একাধিক রাজ্য তখন আচমকাই দেশের রাজনৈতিক মহলে নেমে এল শোকের ছায়া। সোমবারই মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার হল দাদরা ও নগর হাভেলি লোকসভা আসনের সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন এই বর্ষীয়ান নেতা। মৃতদেহের পাশ থেকে এক সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৯ সালে নির্দল প্রার্থী হিসাবে লোকসভায় পা রাখলেও পরবর্তীতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৫৮ বছর বয়সী মোহন ডেলকর। এমনকী ১৯৯১ ও ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জয়লাভও করেন তিনি। যদিও পরবর্তীতে দলের সঙ্গে মতনৈক্যের জেরে ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান তিনি। তারপর রাজনৈতিক জীবনে একাধিকবার ধাক্কা থেলেও জয় এসেছে পদ্ম শিবির থেকেও। তবে সেখানেও বেশিদিন টিকতে পারেনি তিনি। ৯৯৯ সালে দলীয় মনোনয়ন না পাওয়ায় ফের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে সাংসদ হন তিনি।
অন্যদিকে ২০০৪ সালে নবশক্তি পার্টির হয়ে ভোটে লড়তে দেখা যায় তাকে। জয়ীও হন। পরবর্তীতে ২০১৯ সালের নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। এমতাবস্থায় সদ্য তিনি নীতীশ কুমারের জনতা দল একতায় নাম লিখিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে আচমকা তিনি আত্মহত্যা করলেন সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। এমনকী সুইসাইড নোটে কী লেখা রয়েছে সেই বিষয়েও মুখ খোলেনি পুলিশ। সূত্রের খবর, ব্যক্তিগত কাজে কয়েকদিন আগে মুম্বইয়ে এসেছিলেন তিনি। উঠেছিলেন মেরিন ড্রাইভের কাছে সি গ্রিন হোটেলে। সেখান থেকেই এদিন তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।












Click it and Unblock the Notifications