বিজেপির অবস্থা পুকুরে মাছ ধরার মতো! হঠাৎ করে কেন গেরুয়া শিবিরের 'হাঁড়ি'র হাল তুলে ধরলেন প্রশান্ত কিশোর
লোকসভা নির্বাচনের আগে বিহার ও ঝাড়খণ্ডের জন্য নিজের দলের প্রতীক পেয়েছেন প্রশান্ত কিশোর। জনসংযোগে সামিল হয়ে আক্রমণ করছেন লালু-তেজস্বী-নীতীশ কুমারকে। বিজেপিকেও ছাড় দিচ্ছেন না তিনি। ভোট কুশলী আবার বিজেপিকে নিশানা করেছেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিহারে আজ বিজেপির কিছুই করার নেই। বিহারে বিজেপির অবস্থা পুকুরে মাছ ধরার মতো। তারা এমন কাউকে খুঁজছে, যাকে মুখ করে নির্বাচনে লড়াই করতে পারে।

এদিন তিনি বলেছেন, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কিছু ভোট রয়েছে। তারপরেই তিনি প্রশ্ন করেছেন, আজ বিহারে কোনও বিজেপি নেতার নামে কি পাঁচটা ভোটও আছে?
প্রশান্ত কিশোর বলেছেন, বিহারের প্রাক্তন বিজেপি সভাপতি যখন অন্য দল থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তখন তিনি মাত্র ছয় হাজার ভোট পেয়েছিলেন। সম্প্রতি সেখানে এমএলসি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজেপির পাঁচ সাংসদ-সহ সব শক্তি ব্যবহার করেও মাত্র ৪৯৫ ভোট পেয়েছে তারা।
জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর রাজ্য বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীর নাম না করে বলেছেন, সভাপতির দায়িত্ব এমন একজনের হাতে রয়েছে, যাঁর বাবা লালু-নীতীশ-মাঝির সরকারে মন্ত্রী ছিলেন। আর আজ তাঁর ছেলে বিজেপিকে বাঁচাতে বেরিয়েছে।
এদিন প্রশান্ত কিশোর আবারও বলেছেন, বিহারে গত ৩০ বছরে যে সব সংসদ এবং বিধায়ক তৈরি হয়েছে, তারা ১২০০ থেকে ১৫০০ পরিবার থেকে এসেছেন। আজ যে দলের নেতাই হোন না করেন, তাঁরাও সবাই এইসব পরিবার থেকেই আসছেন।
প্রশান্ত কিশোর কটাক্ষ করে বলেছেন, বিজেপির মতো দলও আজ নতুন কাউকে খুঁজে পাচ্ছে না। ফলে তারা এমন কাউকে খুঁজছে, যাঁর মুখের ওপরে তারা নির্বাচনে লড়াই করতে পারে।
সাম্প্রতিক দিনগুলিতে প্রশান্ত কিশোর একদিকে যেমন বলেছেন, বিজেপি এবার ক্ষমতা দখল করলেও তারা নিজেরা কোনওভাবেই ৩৭০ আসন পাবে না। আবার পশ্চিমবঙ্গে বিজেপি আগের বারের থেকে ভাল ফল করবে বলেও মন্তব্য করেছেন তিনি। ভোট কুশলী বিনা মূল্যের সরকারি পরিষেবার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশান্ত কিশোর এখন পুরোদস্তুর রাজনৈতিক নেতা। তিনি নিজের দল জন সুরাজকে নিজের রাজ্য বিহারে অন্য দলগুলির প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে চাইছেন। যে কারণে তিনি বিহারে কোনও দলকেই নিশানায় রাখতে বাদ দিচ্ছেন না।












Click it and Unblock the Notifications