হিন্দি বলয়, গুজরাত-কর্নাটকে পদ্মের সৌরভ, বাংলা ছাইবে ঘাসফুলে

কংগ্রেসের সবচেয়ে খারাপ অবস্থা হবে গুজরাতে। এখানে ২৬টি লোকসভা আসন রয়েছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, ২৩টি আসনই পাবে বিজেপি। ৩টি আসন পাবে কংগ্রেস। বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেল নিয়ে যতই কুৎসা করা হোক, মানুষ তাতে কান দিতে নারাজ। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও তাতে এতটুকু টলেনি তাঁর জনপ্রিয়তা।
পাশের রাজ্য মহারাষ্ট্রেও পৌষমাস বিজেপি-শিবসেনা জোটের। ৪৮টি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রে। বিজেপি জোট পেতে চলেছে ৩৩টি আসন। বাকি ১৪টি পেতে পারে কংগ্রেস-এনসিপি জোট। রাজ ঠাকরের এমএনএস পেতে পারে একটি আসন। কর্নাটকেও ২৮টি আসনের ২১টি বিজেপি পাবে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। কর্নাটকে দলের অন্তর্দ্বন্দ্বের কারণে ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা খুইয়েছিল বিজেপি। সেই খামতি তারা এবার পুষিয়ে নিতে পেরেছে।
এনডিটিভি-হংস রিসার্চের সমীক্ষায় দাবি
মধ্যপ্রদেশ, বিহারেও বিজেপি-র জন্য সুখবর। মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসনের মধ্যে ২৪টি পেতে পারে তারা। মধ্যপ্রদেশে এখন বিজেপি সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেও কংগ্রেস যে জমি পেল না, সমীক্ষা থেকে তা বোঝা যাচ্ছে। একইভাবে, বিহারে বিজেপি-এলজেপি জোট পেতে চলেছে অন্তত ২৩টি লোকসভা আসন। বাকি ১৭টি পাবে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল। আর নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল পেতে পারে মাত্র ৫টি আসন। উন্নয়ন নিয়ে গলা ফাটালেও নীতীশ কুমারের ওপর মানুষ নানা কারণে ক্ষুব্ধ।
ওই সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসন। বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস পাবে ৩২টি। আর বাম ও কংগ্রেস পাবে বাকি ১০টি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বামেরা ১৫টি আসন জিতেছিল পশ্চিমবঙ্গ থেকে। এবার সেটা কমে ৮-৯ হয়ে যাবে বলে দাবি সমীক্ষায়।
পাশাপাশি, তামিলনাড়ুতে শাসকদল এআইএডিএমকে বিপুল সাফল্য পেতে চলেছে। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে তারা পেতে পারে ২৭টি আসন। বাকিটা জুটবে ডিএমকে-র ভাগ্যে।
দেশের অন্তত ৪২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। আর ২৭ শতাংশ মানুষ সমর্থন করছেন রাহুল গান্ধীকে। যে অরবিন্দ কেজরিওয়াল বিপুল আশা দিয়েছিলেন, গত কয়েক মাসে তাঁর জনপ্রিয়তা হুড়মুড়িয়ে পড়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়।












Click it and Unblock the Notifications