ধর্ম নিরপেক্ষতার তকমা কি খোয়াবে ভারত, যোগীর রাজ্যের বিধায়কের মন্তব্যে বাড়ছে আশঙ্কা
ফের বিতর্কিত মন্তব্য উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনির। মঙ্গলবার মুজফফরনগরের একসভায় তিনি বলেন, দেশের নাম হিন্দুস্তান। যার অর্থ দেশ হিন্দুদের জন্য।
ফের বিতর্কিত মন্তব্য উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনির। মঙ্গলবার মুজফফরনগরের একসভায় তিনি বলেন, দেশের নাম হিন্দুস্তান। যার অর্থ দেশ হিন্দুদের জন্য। বিগত সরকারগুলি কেবলমাত্র মুসলিমদের সুবিধা দিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ফের উত্তেজক মন্তব্য আইনসভার বিজেপি সদস্যের। উত্তর প্রদেশের এই বিজেপি বিধায়ক বিখ্যাত হয়েছেন তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য। এবারের মন্তব্যটি তিনি করেছেন, সাম্প্রদায়িক দিক থেকে সংবেদনশীল মুজফ্ফরাবাদের এক অনুষ্ঠানে। ২০১৩-তে এই অঞ্চলেই দাঙ্গায় ৬০ জনের মৃত্যু হয়েছিল।
বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, তিনি হিন্দুত্বের কট্টর সমর্থক। তাঁদের দেশের নাম হিন্দুস্তান। যার অর্থ দেশটি হিন্দুদের জন্য। আজ কোনও বৈষম্য ছাড়া সকলেই সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক।
কাটাউলি থেকে উত্তর প্রদেশ বিধানসভায় নির্বাচিত এই বিজেপি বিধায়ক কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, আগে বৈষম্যের পরিস্থিতি ছিল। কিন্তু এখন তা নেই।
কিছু অধীরচিত্ত নেতার জন্য বর্তমানে আমরা বিপাকে পড়েছি বলেও মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। এঁরা চলে গেলে সব জমিই তাঁদের হত বলেও মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। সমাজবাদী পার্টিকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য ছিল। যাঁদেরকে হারিয়েই গত মার্চে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে।
সোমবারই রাজস্থানের আলোয়ারের বিজেপি বিধায়ক বনোয়ারি লাল বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ২০৩০ সাল নাগাদ দেশের ক্ষমতা দখল করতেই হিন্দু সংখ্যালঘু করতে চায় মুসলিমরা। তাই তাদের সন্তান বেশি সংখ্যায়। মুসলিমরা ১২ থেকে ১৪টা সন্তানের জন্ম দেয়। সেখানে হিন্দুদের ক্ষেত্রে তা এক থেকে দুটি। আলোয়ারে লোকসভার উপনির্বাচন রয়েছে ২৯ জানুয়ারি।
মুজফফরনগরের দাঙ্গার ঘটনায় ন্যাশনাল সিকিওরিটি অ্যাক্টের আওতায়, ২০১৩ সালে বিক্রম সাইনিকে গ্রেফতার করা হয়েছিল।
গতবছরে উত্তর প্রদেশের কষাইখানা বন্ধ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সেই সময় বিক্রম সাইনি হুমকি দিয়েছিলেন। যাঁরা গরু হত্যা করে তাদের পা ভেঙে আহ্বান জানিয়েছিলেন তিনি। যাঁরা বন্দেমাতরম বলতে দ্বিধা করেন, তাঁদের হাত- পা তিনি ভেঙে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিজেপি নেতা। যাঁদের 'ভারত মাতা কী জয়' বলতে কষ্ট হয়, গরুকে মা বলতে কষ্ট হয় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এইসব বক্তব্য সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর বিতর্কও তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications