বাজেটে মধ্যবিত্তের সামনে-পিছনে ছুরি মেরেছে বিজেপি! PM মোদীকে নিয়ে ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর
বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ২০২৪-এর বাজেটে মধ্যবিত্তের সামনে-পিছনে ছুরি মেরেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, তিনি (মোদী) তাঁর বক্তৃতার সময় কখনই সংসদে আসবেন না। বাজেট নিয়ে কথা বলার সময় রাহুল গান্ধী হালুয়া অনুষ্ঠানের ছবি দেখান এবং জাত সুমারির প্রসঙ্গ তোলেন। তারপরেই তিনি প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ভেঙে দিয়েছে ইন্ডিয়া ব্লক। সেই কারণে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর বক্তৃতায় সময় আসতে পারছেন না। রাহুল গান্ধী বলেন, তিনি (প্রধানমন্ত্রী মোদী) কখনই বক্তৃতার সময় আসতে পারবেন না। প্রসঙ্গত এদিন রাহুল গান্ধীর বক্তৃতার সময় প্রধানমন্ত্রী লোকসভায় অনুপস্থিত ছিলেন।
মধ্যবিত্ত বিজেপির থেকে দূরে সরছে
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদী কোভিডের সময় হাঁড়ি বাজানোর কথা বলেছিলেন। তারপর মোবাইলের ফ্ল্যাশলাইন ব্যবহার করতে বলেছিলেন। মধ্যবিত্তরা তা করেছিলেন। কিন্তু ২০২৪-এর বাজেটে সেই মধ্যবিত্তের বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বলেন, মধ্যবিত্ত এখন বিজেপির থেকে দূরে সরে যেতে শুরু করেছে। তাঁরা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের দিকে আসতে শুরু করেছে।
রাহুল গান্ধী বলেন, সূচিকরণ অপসারণ করে বিজেপি মধ্যবিত্তের পিঠে ছুরিকাঘাত করেছে আর দীর্ঘমেয়াদি মূলধন লাভের ওপরে কর বৃদ্ধি করে মধ্যবিত্তের সামনে ছুরিকাঘাত করেছে।
চক্রব্যূহে আটকে ভারত
রাহুল গান্ধী এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেন, দেশ চক্রব্যূহে আটকা পড়েছে। তিনি বলেন, সেই চক্রব্যূহ যা অভিমন্যুকে ফাঁদে ফেলতে ব্যবহার করা হয়েছিল। রাহুল গান্ধী বলেন, তিনি মনে করেছিলেন এই বাজেট চক্রব্যূহের শক্তিকে দুর্বল করে দেবে। কিন্তু এই বাজেট বড়-একচেটিয়া ব্যবসা, রাজনৈতিক একচেটিয়া পরিকাঠামোকে শক্তিশালী করেছে, যা গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে। তিনি বলেন, এই চক্রব্যূহ ডিমানিটাইজেশনের মাধ্যমে এমএসএমইগুলোকে আক্রমণ করেছে। তিনি আরও বলেন, একইভাবে দরিদ্র ও কৃষকরা চক্রব্যূহের মধ্যে আটকা পড়েছে।
চেয়ার বাঁচানো বাজেট
গত সপ্তাহে রাহুল গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ২০২৪-এর বাজেট কুরসি বাঁচানোর বাজেট। সহযোগীদের সন্তুষ্ট করতে এই বাজেট করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, বাজেটে সাধারণ মানুষকে কোনও স্বস্তি দেওয়া হয়নি। বাজেটের কিছু অংশ কংগ্রেসের ইস্তেহার থেকে টুকে দেওয়ার দাবিও করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications