ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব হয়ে এবার সংসদের দুই কক্ষেই প্রস্তাব পেশ করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই প্রস্তাবের পক্ষে ১৯৩ জন সাংসদের সমর্থন জোগাড় করেছে দল।
অনেকদিন ধরেই জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল। বিশেষ করে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরাসরি আক্রমণ শানিয়েছেন তাঁর বিরুদ্ধে। সেই রাজনৈতিক চাপানউতোর এবার পৌঁছল সংসদের দরজায়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অসৎ আচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে তাঁর অপসারণের দাবি জানানো হয়েছে। সেই দাবির প্রেক্ষিতেই লোকসভা ও রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
তবে এই প্রস্তাব কার্যকর হওয়া কতটা সম্ভব, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। সংবিধান অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে তৃণমূলের সংগৃহীত ১৯৩টি স্বাক্ষর সেই সংখ্যার তুলনায় অনেকটাই কম। ফলে এই প্রস্তাব বাস্তবে কতদূর এগোবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
অন্যদিকে, এই পদক্ষেপকে রাজনৈতিক কৌশল বলেই কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, এই প্রস্তাবের কোনও ভবিষ্যৎ নেই। তাঁর দাবি, প্রয়োজনীয় সমর্থন না থাকায় শেষ পর্যন্ত প্রস্তাব খারিজ হয়ে যাবে। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে তাঁর মন্তব্য, নির্বাচনে জয়ের লক্ষ্যে চাপ তৈরির কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বাস্তবতা যাই হোক, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ আগে দেখা যায়নি। ফলে এই প্রস্তাব যে শুধু সংসদেই নয়, দেশের ভোটমুখী রাজ্যগুলিতেও রাজনৈতিক বার্তা দিচ্ছে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications