দিল্লিতে পরপর বৈঠকে অমিত শাহ, নিরাপত্তা এজেন্সি ও তদন্তকারী সংস্থাকে দিলেন বড় নির্দেশ
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এবং আজ মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করেছেন। তিনি তদন্তকারী সংস্থাকে এই ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার কড়া নির্দেশ দিয়েছেন।
এক্সে এক পোস্টে শাহ জানান, এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সকলকে তদন্তকারী সংস্থাগুলির পূর্ণ রোষের মুখে পড়তে হবে। তিনি উল্লেখ করেন, "দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছি। এই ঘটনার পিছনে থাকা প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। এই কাজের সঙ্গে জড়িত সকলেই আমাদের তদন্তকারী সংস্থাগুলির পূর্ণ রোষের মুখে পড়বে।"

সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি ট্র্যাফিক সিগন্যালে একটি ধীর গতিতে চলা গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পরপরই অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মধ্য দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন।
অমিত শাহের দিল্লির এই বিস্ফোরণের প্রেক্ষাপটে মঙ্গলবার দু'বার দেশের রাজধানী দিল্লি এবং দেশের অন্যান্য অংশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করেন। সকালে একটি বৈঠক করার পর তিনি বিকেলে আরও একটি বৈঠক করেন। প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএ প্রধান সদানন্দ বসন্ত ডেট উপস্থিত ছিলেন। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাতও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। প্রায় একই কর্মকর্তাদের গ্রুপ বিকেলে নিরাপত্তা পর্যালোচনা বৈঠকেও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিস্ফোরণের তদন্তের ভার এনআইএ-কে দিয়েছে।
হুন্ডাই আই২০ মডেলের ওই গাড়িটিতে ঘটা বিস্ফোরণে এলাকার অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রমতে জানা গিয়েছে, মহম্মদ উমর নামের একজন কাশ্মীরি চিকিৎসক, যার সঙ্গে জইশ-ই-মহম্মদের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে, প্রতিবেশী ফরিদাবাদের পুলিশ ২,৯০০ কেজি বিস্ফোরক, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে এবং তিন চিকিৎসকসহ আটজনকে গ্রেপ্তার করে। এই ঘটনাগুলি দিল্লির ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications